Khabor Ekhon
অভিষেককে ‘অ্যালোপ্যাথি ওষুধ’ দেওয়ার হুঁশিয়ারি অর্জুনের
শিবনাথ দাস : জন্মদিনের মাঝরাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র পারদ চড়ল। শুক্রবার গভীর রাতে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমার পর উল্টো দিক থেকে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক নিজে। রাত দুটো থেকে ভোর সাড়ে ছ’টা পর্যন্ত দীর্ঘ সময় তিনি বাড়ির বাইরে অবস্থান করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিষেককে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।অভিষেকের আচরণ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অর্জুন সিং দাবি করেন, ডায়মন্ড হারবারের সাংসদকে অবিলম্বে ‘উপযুক্ত ওষুধ’ দেওয়া দরকার। তাঁর স্পষ্ট বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ধরনের দাওয়াই দেওয়া উচিত, তা এখনও দেওয়া হচ্ছে না। সেই দাওয়াই পেলে তাঁর যাবতীয় চোখ রাঙানি ও ঔদ্ধত্য বন্ধ হয়ে যাবে। দলীয় কর্মীদের এই বিষয়ে প্রস্তুত থাকার বার্তাও দেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ মন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সর্বক্ষণ সংবাদমাধ্যমের আলোয় ভাসিয়ে রাখার জন্য এসব নাটক তৈরি করছেন। তিনি প্রশ্ন তোলেন, অভিষেক রোজ আঙুল তুলে কথা বলবেন, ধমকাবেন আর মানুষ তা মুখ বুজে সহ্য করবে, তিনি এমন কে হরিদাস পাল? অর্জুন সিং অভিযোগ তোলেন, বাংলায় বহু মানুষের ক্ষতি হয়েছে এবং ৩৩১ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। কিষাণজি খুনের প্রসঙ্গের অবতারণা করেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী জানান, এবার সঠিক জবাব দেওয়ার সময় এসেছে।ওষুধের রূপ ঠিক কেমন হবে— এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং ব্যঙ্গাত্মক সুরে বলেন, ওষুধ তো নানা প্রকারের হয়, যেমন হোমিওপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি। তবে অভিষেকের ক্ষেত্রে মৃদু চিকিৎসায় কাজ হবে না, তাঁকে সরাসরি অ্যালোপ্যাথি দিতে হবে। জন্মদিনের রাতে সাংসদের বাড়ির সামনের ঘটনা এবং তার প্রেক্ষিতে মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন রাজ্য রাজনীতিতে চরম রূপ নিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

