Khabor Ekhon
পুজোর আনন্দে বাড়ি থেকে বেরিয়ে মৃত্যু কোলে প্রিয়া, শোকে ভেঙে পড়ল পরিবার
শ্রীতমা ব্যানার্জী :মেয়েকে কলকাতায় ঠাকুর দেখতে যেতে দেখে একটু চিন্তায় ছিলেন বাবা শ্যামল সমাদ্দার। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে প্রিয়া আশ্বস্ত করেছিল বাবাকে, “চিন্তা কোরো না বাবা, ঠাকুর দেখে ঠিক বাড়ি ফিরে আসব।” সেই কথাই আজ বারবার মনে পড়ছে শ্যামলের। কারণ, আর কোনও দিন বাড়ি ফেরা হবে না ১৯ বছরের প্রিয়া সমাদ্দারের।বন্ধুদের সঙ্গে চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে ঠাকুর দেখতে গিয়েছিল প্রিয়া। নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিল সে। পুজোর অনেক আগে থেকেই বন্ধুদের সঙ্গে কলকাতায় ঠাকুর দেখার পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা করেই শনিবার বাড়ি থেকে বেরিয়েছিল তরুণী। কিন্তু উৎসবের আনন্দ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা ভাবতেও পারেননি পরিবারের কেউ।চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় প্রিয়ার। রাতে বাড়িতে গিয়ে পুলিশ তার মৃত্যুসংবাদ জানায় পরিবারকে। মুহূর্তে ভেঙে পড়ে গোটা পরিবার। যে মেয়েকে ঠাকুর দেখে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন বাবা, সেই মেয়ের মৃত্যুসংবাদ যেন সবকিছু ওলটপালট করে দিল।প্রিয়ার বাবা শ্যামল সমাদ্দার পেশায় ব্লাউজ কাটিংয়ের কারিগর। মেয়েকে শেষবারের মতো দেখার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন তিনি। একদিকে মেয়েকে হারানোর অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে প্রয়োজনীয় নথি জোগাড় করে দেহ বাড়ি নিয়ে যাওয়ার প্রক্রিয়া,সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন শ্যামল। হাসপাতালের প্রক্রিয়া নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন পরিবারের সদস্যেরা।প্রবল বৃষ্টির মধ্যে চোরবাগান মণ্ডপে ভিড় ও হুড়োহুড়ির জেরে এই বিপর্যয় ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পুজোর ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।কিন্তু সব প্রশ্নের মাঝেও শ্যামলের কাছে আজ সবচেয়ে বড় সত্য একটাই, মেয়েটা আর ফিরবে না। বাড়ি থেকে বেরোনোর সময় বাবাকে আশ্বস্ত করা সেই কণ্ঠস্বর আর শোনা যাবে না কোনও দিন।প্রিয়ার বলা শেষ আশ্বাসটাই আজ বাবার বুকে সবচেয়ে বড় যন্ত্রণা,‘চিন্তা কোরো না বাবা, ঠাকুর দেখে ফিরব।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

