Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রতীক নিয়ে কমিশনে টানাটানি, তবু থামল না কালীঘাট! নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা

0 4,532,943

শ্রীতমা ব্যানার্জী : দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে যখন তীব্র টানাপোড়েন, ঠিক সেই সময়ই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল। ফলে প্রতীক-জটের মধ্যেই কার্যত ভোটের ময়দানে প্রথম বড় পদক্ষেপ করল মমতা শিবির।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তার আগেই প্রার্থী ঘোষণা করে সংগঠনকে নির্বাচনী প্রস্তুতিতে নামিয়ে দিতে চাইছে কালীঘাট শিবির। দুই কেন্দ্রের উপনির্বাচনই এবার বিশেষ তাৎপর্যপূর্ণ।নন্দীগ্রাম উপনির্বাচনে ‘কালীঘাট তৃণমূল’-এর প্রার্থী সঞ্চিতা প্রধান দে। রেজিনগরে ‘কালীঘাট তৃণমূল’-এর প্রার্থী রবিউল আলম চৌধুরী। একদিকে নন্দীগ্রাম—যেখানে ২০২১-এর হাইভোল্টেজ লড়াইয়ের স্মৃতি এখনও তাজা। অন্যদিকে রেজিনগর—যেখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয় স্থানে শেষ করেছিল।নন্দীগ্রাম আসনটি ছেড়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও জয়ী হয়েছিলেন তিনি। পরে নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। অন্যদিকে রেজিনগর আসন ছেড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। তিনিও দু’টি আসন থেকে জয়ী হওয়ার পর রেজিনগর ছেড়ে দেন।নন্দীগ্রামে প্রার্থী নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হতে পারেন—এমন জল্পনাও তৈরি হয়েছিল। আবার স্থানীয় মুখকে সামনে আনার পক্ষেও দলের অন্দরে মত ছিল। অখিল গিরির নামও আলোচনায় উঠে এসেছিল। রেজিনগরেও পরিস্থিতি কম জটিল নয়। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী আতাউর রহমান ৪১,৭১৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। এ বার হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ ওরফে রবিন ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন। ফলে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে ঘিরে বাড়তি গুরুত্ব রয়েছে।তবে প্রার্থী ঘোষণা হলেও সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে দলীয় প্রতীক নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির—দুই পক্ষই ‘তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীকের দাবি করছে। বিষয়টি এখন নির্বাচন কমিশনের বিবেচনাধীন। ফলে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও শেষ পর্যন্ত কোন প্রতীকে কালীঘাট তৃণমূলের প্রার্থীরা ভোটে লড়বেন, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কমিশনের সিদ্ধান্তের উপরই এখন অনেকটাই নির্ভর করছে নন্দীগ্রাম ও রেজিনগরের ভোট-সমীকরণ।অন্যদিকে কংগ্রেস ইতিমধ্যেই নন্দীগ্রামে মিলন প্রধান এবং রেজিনগরে মহম্মদ আব্দুল্লাহিল কাফি-কে প্রার্থী করেছে। ফলে দুই কেন্দ্রেই লড়াই যে বহুমুখী হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট।  নন্দীগ্রাম-রেজিনগর—দুই কেন্দ্রেই এবার শুধু ভোটের লড়াই নয়, তৃণমূলের প্রতীক ও রাজনৈতিক অস্তিত্বের প্রশ্নও বড় হয়ে উঠেছে। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper