AB Live News
১৬ বছরের কিশোরীর বিয়ে রুখল প্রশাসন! গ্রেফতার যুবক
শ্রীতমা ব্যানার্জী ::বিয়ের আয়োজন প্রায় সম্পূর্ণ। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের তৎপরতায় রুখে গেল নাবালিকার বিয়ে। মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় ১৬ বছরের এক নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল প্রশাসন। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশ হরেকৃষ্ণপুর এলাকায় পৌঁছয়। সেখানে গিয়ে নাবালিকার বিয়ের আয়োজনের সত্যতা মেলার পরই তা বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় নাবালিকাকে উদ্ধার করে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরে তাকে আইনগত সুরক্ষার জন্য বহরমপুরের একটি হোমে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নাবালিকাকে বিয়ে করার অভিযোগে যুবককে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুক্তার হোসেন। তাঁর বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর এলাকায়। বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় বিয়ের সঙ্গে যুক্ত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। প্রশাসনের তরফে বার্তা স্পষ্ট—১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনও মেয়ের বিয়ে আইনত বৈধ নয়। তাই নাবালিকা বিয়ের কোনও খবর পেলেই দ্রুত প্রশাসন বা পুলিশের কাছে জানানোর আবেদন করা হচ্ছে। মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখতে প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নজরদারি চলছে। তার মধ্যেই ফের এই ঘটনায় প্রশ্ন উঠেছে, সচেতনতার প্রচার সত্ত্বেও কেন এখনও নাবালিকা বিয়ের আয়োজন হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

