Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ত্রিশূলের আলোয় ক্রিকেট! কাশীর বুকে তৈরি হচ্ছে নজরকাড়া আন্তর্জাতিক স্টেডিয়াম

0 216,828

শ্রীতমা ব্যানার্জী : ক্রিকেটের মানচিত্রে আরও এক নতুন ঠিকানা পেতে চলেছে উত্তরপ্রদেশ। বারাণসীর গঞ্জারিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নির্মাণকাজ এখন শেষ পর্যায়ের পথে। প্রশাসনের সাম্প্রতিক পরিদর্শনে উঠে এসেছে, স্টেডিয়ামের অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যেই শেষ। মাঠে ঘাস বসানোর কাজও সম্পূর্ণ হয়েছে। বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্যই আলাদা নয়। এর নকশাতেও রয়েছে কাশীর নিজস্ব সংস্কৃতির ছাপ। গোটা স্থাপত্যে ফুটিয়ে তোলা হয়েছে শিবের নানা প্রতীক। ত্রিশূল, ডমরু, বেলপাতা এবং কাশীর ঘাটের আদলের নকশা স্টেডিয়ামটিকে অন্য যেকোনও ক্রিকেট মাঠের থেকে আলাদা করে তুলেছে। ফ্লাডলাইটেও থাকছে ত্রিশূলের আদল।প্রায় ৩০ হাজার দর্শক একসঙ্গে ম্যাচ দেখতে পারবেন এই স্টেডিয়ামে। অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির পরেও দ্রুত মাঠকে খেলার উপযোগী করে তোলার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। পাশাপাশি থাকছে আধুনিক মিডিয়া সেন্টার, ভিআইপি লাউঞ্জ এবং খেলোয়াড় ও দর্শকদের জন্য একাধিক পরিকাঠামো।স্টেডিয়াম তৈরির কাজে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, রাজ্য সরকার এবং বারাণসী প্রশাসনের সমন্বয় রয়েছে। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।এখন শেষ মুহূর্তের কাজেই নজর প্রশাসনের। আগস্টে বারাণসীর জেলাশাসক সত্যেন্দ্র কুমার স্টেডিয়াম পরিদর্শন করে নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, ভিআইপি ও বিভিন্ন প্যাভিলিয়নের কাজ শেষ হয়েছে, মিডিয়া সেন্টার ও অভ্যন্তরীণ কাজও সম্পূর্ণ। বাইরের উন্নয়নমূলক কাজেরও বেশিরভাগ শেষ হয়ে গিয়েছে।স্টেডিয়ামকে ঘিরে শুধু ক্রিকেট নয়, বারাণসীর পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসার প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ হলে ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আসবেন। ফলে হোটেল, পরিবহণ, স্থানীয় ব্যবসা—সব ক্ষেত্রেই তার প্রভাব পড়তে পারে। অর্থাৎ, গঙ্গার শহর এবার পেতে চলেছে ক্রিকেটের নতুন মঞ্চ, কাশীর আবহে শিবের প্রতীক সাজানো এই স্টেডিয়াম তৈরি হলে বারাণসীর ক্রীড়া-পরিচিতিতেও যোগ হবে নতুন অধ্যায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper