Khabor Ekhon
“পুলিশ দরজায়, ছাদে আতঙ্ক বাঁচতে ডোবারম্যান, পালাতে টাকা!”
শ্রীতমা ব্যানার্জী : পুলিশের দরজায় কড়া নাড়ার শব্দ। কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গেল গোটা বাড়ির ছবি। কোথায় টাকা লুকোবেন, কোথায় সোনা সরাবেন—সেই হিসেব করার সময়টুকুও যেন মেলেনি। অভিযোগ, শেষমেশ পুলিশকে ঠেকাতে বাড়ির পোষ্য ডোবারম্যানকে লেলিয়ে দেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় ছাদ থেকে নীচে উড়ে এল বান্ডিল বান্ডিল টাকা।বুধবার রাত। উত্তরপাড়ার তিন নম্বর কাঁসারি পুকুর রোড। রাতের নিস্তব্ধতা আচমকাই ভেঙে পড়ে পুলিশের অভিযানে। চন্দননগর পুলিশের গোয়েন্দা শাখা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় সঞ্জয় মজুমদারের বাড়িতে। পুলিশের অভিযোগ, ওই বাড়িকে ঘিরেই চলত বেআইনি সাট্টা কারবার। এলাকায় সঞ্জয় ‘সাট্টা ডন বাপি’ নামে পরিচিত বলেও পুলিশের দাবি। তল্লাশি শুরু হতেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। পুলিশের অভিযোগ, তাদের আটকানোর চেষ্টা হিসেবে বাড়ির ডোবারম্যানকে সামনে আনা হয়। কিন্তু নিরাপত্তার বলয় পেরিয়ে তদন্তকারীরা বাড়ির ভিতরে পৌঁছে যান।তারপরই নাকি শুরু হয় আর এক নাটক।ঘরের ভিতর থেকে টাকা ও সোনার গয়না সরানোর সময় নেই। তাই পুলিশের চোখের সামনে সেগুলি ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। অন্ধকার রাতের আকাশ পেরিয়ে নীচে পড়তে থাকে নগদ টাকা ও গয়না। মুহূর্তে বাড়ির আশপাশে তৈরি হয় চাঞ্চল্য। তল্লাশি শেষে পুলিশের হাতে আসে সাড়ে ১২ লক্ষ টাকা এবং প্রায় দেড় কেজি সোনা। বাড়ির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের মূল অভিযুক্ত সঞ্জয় মজুমদারের এখনও খোঁজ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।পুলিশের দাবি, বেআইনি সাট্টা কারবার সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত এবং উদ্ধার হওয়া বিপুল নগদ ও সোনার উৎসই বা কী। একটি রাত। একটি বাড়ি। দরজার ওপারে পুলিশ, ভিতরে আতঙ্ক, ছাদ থেকে নীচে উড়ে যাচ্ছে টাকা—উত্তরপাড়ার সেই রাত যেন অপরাধের এক অদ্ভুত ছবিই এঁকে দিয়ে গেল। যেখানে কালো টাকার হিসেব মেলাতে না পেরে শেষ পর্যন্ত টাকাই হয়ে উঠল পালানোর শেষ চেষ্টা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

