Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১৯৮৪-র দাঙ্গার সাজাপ্রাপ্ত প্রাক্তন সাংসদ সাজ্জন কুমারের মৃত্যু

0 4,386,989

শ্রীতমা ব্যানার্জী : ১৯৮৪-র শিখবিরোধী দাঙ্গা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সাজ্জন কুমারের মৃত্যু। বৃহস্পতিবার দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর। তিহার জেলে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও হাসপাতালের তরফে জানানো হয়নি।দিল্লির রাজনীতিতে একসময় প্রভাবশালী কংগ্রেস নেতা ছিলেন সাজ্জন কুমার। তিনি আউটার দিল্লি লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ১৯৮৪-র ভয়াবহ শিখবিরোধী দাঙ্গার মামলা তাঁর রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি।প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং গুলি করে হত্যার পর ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, সশস্ত্র দুষ্কৃতীরা শিখদের বাড়ি ও দোকানে হামলা চালায়। সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে ৩ হাজারেরও বেশি শিখ নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন দিল্লির বাসিন্দা। এই দাঙ্গার পর তিন দশকেরও বেশি সময় ধরে সাজ্জন কুমারের বিরুদ্ধে একাধিক মামলা চলেছে। বিভিন্ন মামলায় কখনও তিনি খালাস পেয়েছেন, আবার কখনও দোষী সাব্যস্ত হয়েছেন। পালাম কলোনি এলাকায় ১৯৮৪ সালের ১ ও ২ নভেম্বর পাঁচজনকে হত্যার ঘটনায় দিল্লি হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে তাঁর আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। একসময় দিল্লির ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ, পরে ১৯৮৪-র দাঙ্গার মামলায় যাবজ্জীবন বন্দি—সাজ্জন কুমারের রাজনৈতিক জীবনের এই দীর্ঘ এবং বিতর্কিত অধ্যায়ের অবসান হল হাসপাতালের শয্যায়। তাঁর মৃত্যু আবারও ১৯৮৪-র দাঙ্গার ক্ষত, বিচার এবং দীর্ঘ আইনি লড়াইয়ের স্মৃতিকে সামনে নিয়ে এল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper