Khabor Ekhon
গ্রেফতারির পরই রাস্তায় জনরোষ, ডিমে-কাদায় নির্মল ঘোষ
শ্রীতমা ব্যানার্জী: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেহ দ্রুত দাহ করার অভিযোগে গ্রেফতারির পরই ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ। শুক্রবার উত্তর ২৪ পরগনায় তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ডিম ও কাদা ছুড়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।
পুলিশি ঘেরাটোপে আদালতে নিয়ে যাওয়ার সময় নির্মল ঘোষকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাথায় হেলমেট পরে থাকতে দেখা যায় তাঁকে। অভিযোগ, ভিড়ের মধ্যে কয়েকজন তাঁর গলায় জুতো ও চটির মালাও পরিয়ে দেন এবং তাঁকে মারধর করা হয়। পরে আদালতের বাইরে তাঁকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগানও ওঠে।
একইভাবে নির্মল ঘোষের সঙ্গে এই মামলায় অভিযুক্ত পানিহাটি পুরসভার কাউন্সিলর সোমনাথ দে এবং নির্যাতিতার পরিবারের প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়কেও জনরোষের মুখে পড়তে হয় বলে জানা গিয়েছে।
কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে?
আরজি কর-কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর পর তাঁর দেহ দ্রুত দাহ করে দেওয়ার ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, নির্মল ঘোষ-সহ তিনজনের তৎপরতায় পরিবারের সম্মতি ছাড়াই তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল। পরিবারের অভিযোগ, দ্রুত দাহ করার পিছনে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনা এড়িয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
বৃহস্পতিবার ওড়িশার সম্বলপুর থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং কাউকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করতে বাধ্য করার মতো অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেহদাহের ক্ষেত্রে পরিবারের সদস্যদের স্বাক্ষর না থাকা এবং দাহের ফি মকুবের মতো বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, দেহদাহ সংক্রান্ত এই নতুন মামলা আরজি করের ধর্ষণ-খুনের মূল মামলার তদন্ত থেকে পৃথক। মূল ধর্ষণ ও খুনের মামলাটি সিবিআই তদন্ত করছে। নির্মল ঘোষ পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। বর্তমানে সেই কেন্দ্রের বিধায়ক নির্যাতিতার মা এবং বিজেপি নেত্রী রত্না দেবনাথ।
গ্রেফতারির পর আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষকে ঘিরে জনতার এই বিক্ষোভে আরজি কর-কাণ্ডে দীর্ঘদিনের ক্ষোভ ও উত্তেজনারই প্রতিফলন দেখা গেল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

