Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“একটি কুকুরের মৃত্যু, হাজারো প্রশ্নের জন্ম।”

0 21,896,619

রাজনন্দিনী ঘোষ : আট বছরের পরিচিত ক্যাম্পাস-কুকুর ‘শেকি’র মৃত্যু ঘিরে তীব্র বিতর্কে জড়াল আইআইএম কলকাতা। অভিযোগ, নতুন তৈরি ঘেরাটোপে (এনক্লোজার) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আটকে রাখা হয়েছিল শেকিকে। যথাযথ চিকিৎসার সুযোগ না মেলায় ক্ষতস্থানে ম্যাগট (পোকার লার্ভা) সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তনী, বর্তমান পড়ুয়া এবং প্রতিষ্ঠানের একাংশের শিক্ষক। প্রাক্তনীদের অভিযোগ, শেকিকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য ছাত্রছাত্রীরা বারবার আবেদন জানালেও প্রশাসন সেই অনুমতি দেয়নি। পশু চিকিৎসককে ডাকা হলেও, অস্বাস্থ্যকর ও অতিরিক্ত ভিড় থাকা ঘেরাটোপের মধ্যেই চিকিৎসা চালাতে বাধ্য হতে হয়। ফলে ক্ষত বারবার সংক্রমিত হয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। ২০২৩ সালের প্রাক্তনী শশাঙ্ক দুবে পরিচালক অলোক কুমার রাইকে লেখা চিঠিতে দাবি করেছেন, “যে ঘেরাটোপে শেকিকে রাখা হয়েছিল, সেটি ছিল নোংরা, গাদাগাদি এবং কোনও অসুস্থ প্রাণীর সুস্থ হয়ে ওঠার উপযুক্ত পরিবেশ নয়।” তাঁর অভিযোগ, যথাযথ চিকিৎসার সুযোগ পেলে শেকিকে বাঁচানো সম্ভব ছিল।

২০২৫ সালের প্রাক্তনী নিখিল সাংখোয়ার কথায়, “শেকি শুধু একটি কুকুর ছিল না, সে ছিল ক্যাম্পাস পরিবারেরই অংশ। চিকিৎসার অভাবে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।” জানা গিয়েছে, শেকি প্রায় ১৫ দিন ধরে অসুস্থ ছিল। ক্ষতস্থানে পচন ধরে ম্যাগটের সংক্রমণ বাড়তে থাকে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, ওই ঘেরাটোপে থাকা আরও সাতটি কুকুরও একই ধরনের সংক্রমণে আক্রান্ত।

বর্তমানে আইআইএম কলকাতা ক্যাম্পাসে ৫০টিরও বেশি কুকুর রয়েছে, যাদের অধিকাংশই টিকাকরণ ও বন্ধ্যাকরণ করা হয়েছে। সম্প্রতি ৪০ ফুট × ২০ ফুটের একটি ঘেরাটোপ তৈরি করে সেখানে ১০টি কুকুরকে রাখা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই শতাধিক প্রাক্তনী পরিচালকের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন। প্রাণী অধিকারকর্মী রাধিকা বসের মতে, “ম্যাগট-আক্রান্ত ক্ষত স্পষ্টভাবে অবহেলার ইঙ্গিত দেয়। সময়মতো পশু-চিকিৎসা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হলে এমন পরিস্থিতি এড়ানো যেত। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।” পশু চিকিৎসক রোহিত রাজও জানিয়েছেন, ম্যাগট-আক্রান্ত ক্ষতের দ্রুত চিকিৎসা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তা না হলে সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এদিকে অভিযোগের বিষয়ে আইআইএম কলকাতার পরিচালক অলোক কুমার রাইয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শেকির মৃত্যু শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, বরং ক্যাম্পাসে প্রাণীকল্যাণ ও প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে এক বড় প্রশ্ন তুলে দিয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper