Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পালানপুরে নারকীয় মানবপাচার ও নির্যাতনের অভিযোগ

0 503,267,572

 গুজরাতের বনসকাঁটা জেলার পালানপুর পশ্চিম থানার অন্তর্গত এলাকায় এক নারকীয় মানবপাচার ও লাগাতার গণধর্ষণের ঘটনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে গিয়ে স্বামী নিজেই যে এই ঘটনার মূল চক্রী, তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য হাতে আসে পুলিশের। পরে স্বামী সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত ১৯ মে রাতে। ওই ব্যক্তি পালানপুর পশ্চিম থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত স্বামীর বয়ানে একাধিক অসংগতি ধরা পড়ে। বারবার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েন তিনি এবং অপরাধের কথা স্বীকার করেন বলে তদন্তকারীদের দাবি।

অভিযুক্ত স্বামী নীকেশ প্যাটেল গণেশপুর এলাকার বাসিন্দা। জেরায় তিনি জানান, স্ত্রীর প্রতি তাঁর কোনও টান ছিল না এবং পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত অসন্তোষের কারণে তিনি স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরে বন্ধুদের সঙ্গে আলোচনা করে তাঁকে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা যায়, এরপরই এক সুপরিকল্পিত মানবপাচার চক্রের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয়। প্রথমে তাঁর গয়নাগাটি বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়। তারপর তাঁকে গোপনে এক আস্তানায় আটকে রেখে ধারাবাহিকভাবে যৌন নির্যাতন ও গণধর্ষণের শিকার হতে হয় বলে অভিযোগ।

তদন্তে জানা যায়, স্বামী ও তাঁর সহযোগীরা এই অপরাধ আড়াল করার উদ্দেশ্যে স্ত্রীর নিখোঁজ হওয়ার ভুয়ো গল্প তৈরি করেন। কিন্তু তদন্তকারী ডিএসপি জিগনেশ গামিতের নেতৃত্বে পুলিশের দল তথ্যপ্রমাণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের পর্দাফাঁস করে।

পরে অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানা থেকে নির্যাতিতাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশকে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, তাঁকে পাচার চক্রের কাছে বিক্রি করার পর দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ পাচার, গণধর্ষণ, ডাকাতি ও ফৌজদারি ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে। ইতিমধ্যেই নীকেশ প্যাটেল সহ তাঁর বন্ধু সঞ্জয় থাকর, অশোক থাকর, শচীন দরবার সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, পুরো চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত জারি রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper