Khabor Ekhon
নবান্নে শুভেন্দু-যুগ: একগুচ্ছ বড় সিদ্ধান্তে সিলমোহর
সল্টলেকের বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর সরাসরি নবান্নে পৌঁছে দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্যভার গ্রহণ করার পরপরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে নতুন সরকার, যার কেন্দ্রে রয়েছে কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন। বৈঠকের পর শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, এটি কেবল বিজেপির সরকার নয়, বরং প্রকৃত অর্থেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হিসেবে কাজ করবে। এ দিন মন্ত্রিসভার সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একধাক্কায় পাঁচ বছর বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণ অনুযায়ী ২০১৫ সালের পর রাজ্যে বড় কোনো নিয়োগ না হওয়ায় বহু যোগ্য প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। সেই বঞ্চিত শিক্ষিত যুবক-যুবতীদের কথা মাথায় রেখেই এই বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমান্ত সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নতুন মন্ত্রিসভা। অনুপ্রবেশ রুখতে এবং রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন ঠেকাতে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিব ও ভূমি রাজস্ব সচিবকে।
একই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, পূর্বতন সরকারের চালু করা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বা জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। তবে প্রকল্পে স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো মৃত ব্যক্তি বা অভারতীয় নাগরিক এই সুবিধার আওতায় থাকবেন না। দীর্ঘদিনের দাবি মেনে এদিন রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান ভারত’ বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে সক্রিয়ভাবে রূপায়ণের প্রক্রিয়া শুরু করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভা সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আরজি করের মতো স্পর্শকাতর নারী নির্যাতনের ঘটনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রথম দিনের এই ঝোড়ো ব্যাটিংয়ে শুভেন্দু সরকার বুঝিয়ে দিল যে, শাসনভার হাতে নিয়েই তারা উন্নয়নের রোডম্যাপ তৈরি করে ফেলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

