Khabor Ekhon
দাপুটে পারফরম্যান্স করে জয়ের হ্যাটট্রিক নাইটদের
একেবারে দাপুটে পারফরম্যান্স দেখাল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। যারা এই মরসুমে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং টানা পাঁচ ম্যাচ অপরাজিত ছিল। তাদের ঘরের মাঠেই ৭ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল নাইটরা।
রবিবাসরীয় লড়াইয়ে ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কমিন্স। লক্ষ্য ছিল বড়ো রান তোলা, কারণ দলের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও ট্রাভিস হেড ইতিমধ্যেই আইপিএলে একাধিক ম্যাচে ২০০-র বেশি রান তুলেছে। শুরুটাও খারাপ হয়নি। হেডের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান উঠতে থাকে। মাত্র ২৮ বলে ৬১ রান করেন তিনি। যার মধ্যে ছিল ৯টি চার ও ৩টি ছয়।
তবে ম্যাচের মোড় ঘোরে স্পিন আক্রমণে। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদের মিডল অর্ডার ভেঙে পড়ে। হেডকে ফিরিয়ে দেন বরুণ, আর ঈশানকে (৪২) আউট করেন নারিন। হেনরিখ ক্লাসেনের মতো বিপজ্জনক ব্যাটারও বড়ো রান করতে পারেননি।তিনি করেন ৮ বলে ১১ রান।
এক সময় ১০৫/২ অবস্থানে থাকা হায়দরাবাদ হঠাৎ করেই ধসে পড়ে। বাকি ব্যাটারদের মধ্যে কামিন্স (৮ বলে ১০) ও অনিকেত বর্মা ৬ রান করে। শেষ পর্যন্ত ১৬৫ রানে অলআউট হয়ে যায় তারা। বরুণ তিনটি এবং নারিন ও কার্তিক ত্যাগী দু’টি করে উইকেট নেন। উল্লেখযোগ্য বিষয়, এই ম্যাচেই আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নারিন১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর শুরুতেই ইতিবাচক মনোভাব দেখায়। ওপেনিংয়ে সুযোগ পাওয়া ফিন অ্যালেন দ্রুত ১৩ বলে ২৯ রান করে দলের রান তোলার গতি বাড়িয়ে দেন। এরপর দায়িত্ব নেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী।
রাহানে ৩৬ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে অঙ্গকৃশ আবারও প্রমাণ করলেন কেন তাকে দলের ‘স্টার বয়’ বলা হচ্ছে।পাঁচিটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫৯ রানের পরিণত ইনিংস খেলেন তিনি। শেষদিকে ম্যাচ শেষ করার দায়িত্ব নেন রিঙ্কু সিং। তাঁর ২২ রানের অপরাজিত ইনিংসেই ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলে কেকেআর। সঙ্গে ছিলেন ক্যামেরন গ্রিন (৩ রানে অপরাজিত)।
এদিন জয়ের ফলে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখনও অষ্টম স্থানে থাকলেও নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। একই সঙ্গে টানা তিন জয়ের ফলে প্লেঅফের আশা আবার জেগে উঠেছে সমর্থকদের মধ্যে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

