Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিবাদের জেরে ডেলিভারি কর্মীকে গুলি কনস্টেবলের

0 61,985,774

 দেশের রাজধানী দিল্লির বুকে রাতের অন্ধকারে ফের একবার ‘খাকি উর্দি’র রক্তলোলুপ রূপ দেখে শিউরে উঠল সাধারণ মানুষ। সামান্য বচসার জেরে পুলিশের এক হেড কনস্টেবলের সার্ভিস রিভলভার থেকে ছিটকে আসা বুলেট কেড়ে নিল পাণ্ডব কুমার নামে এক নিরপরাধ তরুণের প্রাণ। পেশায় ডেলিভারি বয় ওই যুবকের বুক এফোঁড়-ওফোঁড় করে সেই একই বুলেট গিয়ে বিঁধল তাঁর বন্ধু কৃষাণের পেটে। রবিবার ভোরে দিল্লির দ্বারকা সংলগ্ন জাফরপুর কালান গ্রামে এই রক্তক্ষয়ী কাণ্ড ঘটে। অভিযুক্ত পুলিশকর্মী নীরজ ঘটনার পর থেকেই বেপাত্তা। তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডব ও কৃষাণ দুই বন্ধু মিলে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে যখন তাঁরা নিজেদের মধ্যে গল্প করছিলেন, তখনই বিভীষিকার মতো সেখানে আবির্ভূত হন অভিযুক্ত নীরজ। বিন্দুমাত্র উস্কানি ছাড়াই পাণ্ডবদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে মেজাজ হারিয়ে নিজের আগ্নেয়াস্ত্র বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালান নীরজ। বুলেটের গতিবেগ এতটাই ছিল যে, তা পাণ্ডবের বুক ভেদ করে বেরিয়ে পিছনের মোটরসাইকেলে বসা কৃষাণের শরীরে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাণ্ডবকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কৃষাণ।

মৃত পাণ্ডব কুমারের পরিবারের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে জাফরপুর কালানের আকাশ। মাত্র ২১ বছর বয়সে এক লড়াকু তরুণের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। একটি অ্যাপ-নির্ভর সংস্থায় খাবার সরবরাহের কাজ করে কার্যত একার কাঁধেই পরিবারের জোয়াল টানতেন পাণ্ডব। তাঁর মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “সংসার চালানোর জন্য আমার ছেলেটা দিনরাত এক করে খাটত। ওর কোনও শত্রু ছিল না। একজন পুলিশকর্মী হয়ে কীভাবে তিনি বিনা অপরাধে এভাবে গুলি চালালেন? আমি বিচার চাই।” পরিবারের দাবি, পুলিশকর্মী হওয়ার দাপটেই নীরজ এই নৃশংস কাজ করেছেন এবং অবিলম্বে তাঁর ফাঁসির দাবি তুলেছেন তাঁরা।

অভিযুক্ত নীরজের ব্যক্তিগত জীবন নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। পুলিশ জানতে পেরেছে, নীরজ আদতে হরিয়ানার রোহতক জেলার বাহু আকবরপুর গ্রামের বাসিন্দা হলেও গত ১৫ বছর ধরে জাফরপুর কালানে একা বসবাস করছিলেন। ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না বা কোনও পুরনো আক্রোশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার পরপরই জাফরপুর কালান থানার সামনে স্থানীয় বাসিন্দারা এবং ডেলিভারি কর্মীদের সংগঠনের সদস্যরা ব্যাপক বিক্ষোভ দেখান। অভিযুক্তের দ্রুত গ্রেফতারি এবং পুলিশ প্রশাসনের স্বচ্ছতা নিয়ে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ জনতা।

দিল্লি পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। তবে খোদ রক্ষকের হাতে এমন ভক্ষকসুলভ আচরণে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। নিছক একটি তুচ্ছ তর্কাতর্কি কেন গুলিবর্ষণের মতো চরম পর্যায়ে পৌঁছল, তা জানতে তদন্তকারী আধিকারিকরা তৎপর হয়েছেন। অভিযুক্তকে ধরার জন্য গঠিত হয়েছে বিশেষ টিম। কিন্তু রাজধানী শহর যখন ঘুমের দেশে, তখন এক পুলিশকর্মীর বন্দুক থেকে বেরোনো প্রাণঘাতী বুলেট এক মধ্যবিত্ত পরিবারের সব স্বপ্ন যে চিরতরে শেষ করে দিল, সেই ক্ষত সম্ভবত কোনো আইনি বিচারেই পূর্ণ হওয়ার নয়। অভিযুক্ত পলাতক থাকায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আদালতের নির্দেশের অপেক্ষায় পাণ্ডবের নিথর দেহ আপাতত মর্গেই শায়িত।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper