Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিজেপিকে ‘বোল্ড আউট’ করে দিয়েছি, ভবানীপুরে গর্জন মমতার

0 59,120,104

 প্রথম দফার ভোট মিটতেই জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের মাটি থেকে দাঁড়িয়ে কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি জানিয়ে দিলেন, প্রথম দফাতেই তৃণমূল ‘সেঞ্চুরি’ করে ফেলেছে এবং বুধবার দ্বিতীয় দফার ভোট মিটলে সেই সংখ্যা ‘ডবল সেঞ্চুরি’ ছাড়িয়ে যাবে। পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এখন লজ্জার হারের আতঙ্কে কাঁপছে বলে দাবি করেছেন তিনি। এদিন প্রচারের শেষ রবিবারে ভবানীপুর জুড়ে ঝোড়ো সফর করেন তৃণমূল নেত্রী। একটি বর্ণাঢ্য পদযাত্রার পাশাপাশি চারটি জনসভা থেকে বিরোধী শিবিরের রণকৌশলকে তুলোধোনা করেন তিনি। তাঁর সাফ কথা, প্রথম দফায় বাংলার মানুষ সকাল সকাল বুথে গিয়ে বিজেপিকে পর্যদুস্ত করে দিয়েছে। গণদেবতার রায়ে বিজেপি বুঝে গিয়েছে তাদের খেলা শেষ। সে কারণেই কেন্দ্রীয় নেতারা এখন ভয় পেয়ে কর্মীদের মনোবল ধরে রাখতে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, হার নিশ্চিত জেনেই বিজেপি এখন প্রশাসনিক স্তরে নানা প্যাঁচ কষছে। পুলিশ আধিকারিকদের ইচ্ছামতো বদলি করা থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয় দেখানোর নীল নকশা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, সামান্য মাথা গরম করলেই দাঙ্গার নাম করে গ্রেফতার করা হবে যাতে মানুষ ভোট দিতে না পারে। এই চক্রান্তের বিরুদ্ধে ভোটারদের সতর্ক করে নেত্রী বলেন, মাথা ঠান্ডা রেখে গণতান্ত্রিকভাবে এই অত্যাচারের বদলা নিতে হবে। নদিয়ার পুলিশ সুপার এবং স্থানীয় কয়েকটি থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সাফ জানান, যারা এভাবে মানুষকে হয়রানি করছেন বা রাজ্যে টাকা ও অস্ত্র ঢোকাতে সাহায্য করছেন, তাঁদের সব খবরই তাঁর কাছে আছে। ভবানীপুরে এক ব্যক্তির বাড়িতে অকারণ পুলিশি তল্লাশির ঘটনা উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, তাঁদের দিদি এখনও জীবিত আছেন এবং কোনও চক্রান্তেই ভয় পাওয়ার কারণ নেই।

এদিন আক্রমণের সুর আরও চড়িয়ে মমতা বলেন, বিজেপি ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের পাত থেকে মাছ-ভাতও কেড়ে নেবে। এই লড়াইকে তিনি ‘বাংলার অস্মিতা’ রক্ষার লড়াই বলে অভিহিত করেন। পাশাপাশি নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যেরও কড়া জবাব দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সঙ্গে বিজেপির ‘সেটিং’ আছে বলে যে অভিযোগ বিরোধীরা তুলছে, তাকে নস্যাৎ করে দিয়ে তিনি পাল্টা প্রশ্ন তোলেন এসআইআর-সহ কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে। তিনি মনে করিয়ে দেন, একমাত্র তৃণমূলই বুক চিতিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই লড়ছে। দ্বিতীয় দফার ১৪২টি আসনের ভোটারদের কাছে তাঁর বিশেষ আরজি, বুধবার সকাল সকাল বুথে গিয়ে এমনভাবে ভোট দিন যাতে বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করে দেওয়া যায়। বাংলার মা-মাটি-মানুষের শক্তির সামনে গেরুয়া শিবির যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ভবানীপুরের জনসমুদ্র থেকে সেই আত্মবিশ্বাসের সুরই শোনা গেল মমতার গলায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper