Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিজেপি পাবে গোল্লা, বিনাশের শুরু হয়েছে: মোদিকে চ্যালেঞ্জ মমতার

0 609,832,242

 

 

 

মৌমিতা সানা (হাওড়া🙂 আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে প্রচারের পারদ তুঙ্গে তুলে বিজেপি নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাওড়ার এক জনসভা থেকে বিজেপির জয়ী হওয়ার দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, উত্তরবঙ্গের একাধিক জেলাসহ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রান্তে বিজেপি এবার পুরোপুরি শূন্য হাতে ফিরবে। জনসভার মঞ্চ থেকে কার্যত চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ— এই ছয় জেলায় বিজেপি একটি আসনও পাবে না। তাঁর কথায়, “রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা আর মুর্শিদাবাদেও গোল্লা পাবে বিজেপি। এই যে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলায় এসে এত গর্জন করছেন, তাতে কোনো লাভ হবে না। মনে হচ্ছে যেন সব কটা সিটে উনি জিতে গিয়েছেন! আসলে ফল হবে ঘেচু।”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক গঙ্গা বক্ষে নৌকাবিহারকেও তীব্র শ্লেষের সাথে বিঁধেছেন তৃণমূলনেত্রী। মোদির এই প্রচার কৌশলকে ‘ফটোশপিং’ এবং ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “আজ আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা অনেক পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। আমি চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন ভালো কথা, আপনাকে স্বাগত। আমিও চন্দননগরে পুজোর সময় বা গঙ্গাসাগরে যাই। কিন্তু আপনি কি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসতে পারবেন? দিল্লির যমুনা কেমন আছে? পুরো দূষণ হয়ে রয়েছে! পলিউটেড! আপনি নিজের দিল্লির যমুনাকে সামলাতে পারেন না, আর আমাদের গঙ্গায় এসে ফটো তুলছেন?” প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডকে নিছকই লোকদেখানো বলে অভিহিত করে তিনি জানান, বাংলার মানুষ এই ধরণের স্টান্টবাজি ধরে ফেলেছেন।

মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলেও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকারের আসল উদ্দেশ্য ছিল লোকসভার ৫৪৩টি আসনকে বাড়িয়ে ৮৫০-এ নিয়ে যাওয়া। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, “লোকসভায় ঝামা ঘষে দিয়েছি মুখে। এই প্রথম ওরা হারল। আর এই যে হারা শুরু হয়েছে, এখন ওরা শুধু হারবে, হারবে আর হারবে। বিনাশের শুরু হয়ে গিয়েছে। পতনের শুরু হয়ে গিয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে।” তাঁর দাবি, বিজেপির ঔদ্ধত্য এবং জনবিরোধী নীতির কারণেই তাদের পতন এখন অবশ্যম্ভাবী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্রই পদ্ম শিবিরের জমি আলগা হয়ে গিয়েছে এবং মানুষ জোটবদ্ধভাবে তাদের প্রত্যাখ্যান করছে।

হাওড়ার জনসভা থেকে মমতার এই আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিচ্ছে যে, দ্বিতীয় দফার ভোটের আগে তিনি একচুল জমিও বিরোধীদের ছাড়তে নারাজ। প্রধানমন্ত্রীর নাম না করে বারবার তাঁকে বিঁধে মমতা বুঝিয়ে দিয়েছেন, বাংলার লড়াই হবে উন্নয়নের বনাম বহিরাগত তকমা দেওয়া কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপি নেতাদের ঘনঘন বাংলা সফরকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচনের সময় পাখিরা যেমন আসে, তেমনি ওনারা আসছেন। কিন্তু ভোট মিটে গেলে দুঃখের দিনে পাশে কাউকে পাওয়া যাবে না। তৃণমূল নেত্রীর এই সুনির্দিষ্ট ছয় জেলার নাম ধরে বিজেপিকে ‘গোল্লা’ দেওয়ার ভবিষ্যৎবাণী রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিজেপির জয়ী হওয়ার প্রচারকে স্তিমিত করতেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শুক্রবারের হাওড়ার মঞ্চ থেকে মমতার এই রণংদেহী মেজাজ আসন্ন ভোটের লড়াইকে আরও কয়েক গুণ উত্তপ্ত করে তুলল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper