Khabor Ekhon
শেষবেলার লড়াইয়ে তপ্ত তিলোত্তমা: রবিবাসরীয় প্রচারের ময়দানে সম্মুখ সমরে যুযুধান সব পক্ষই
ক্যালেন্ডারের পাতা বলছে হাতে সময় আর মাত্র সাতটা দিন। আগামী সোমবারই কলকাতার ভোটপ্রচারের যবনিকা পতন হতে চলেছে। তাই সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসার আগে শেষ রবিবারে মেপে পা ফেলতে চাইল না কোনও শিবিরই। ছুটির মেজাজে থাকা তিলোত্তমার রাজপথে এদিন কার্যত ‘স্লোগ ওভারের’ ব্যাটিং দেখাল শাসক দল থেকে বিরোধী পক্ষ। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কলকাতার ১১-০ আসন দখল করা, তখন অন্যদিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি এবং বামেরাও। সব মিলিয়ে এদিন শহরের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই ধরা পড়ল ভোটযুদ্ধের তপ্ত আঁচ।
সকাল থেকেই রাজপথের দখল নিতে মরিয়া ছিল শাসক দল। উত্তর কলকাতার ভোট ময়দানে এদিন সবথেকে নজরকাড়া উপস্থিতি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন স্ত্রী তথা চৌরঙ্গি বিধানসভার প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের হয়ে মেগা রোড শো-তে অংশ নেন। হুডখোলা জিপে চড়ে স্বামী-স্ত্রীর সেই রোড শো দেখতে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল মানুষের ভিড়। ঢাক, ঢোল এবং তাসা সহযোগে তৃণমূলের সেই মিছিল কার্যত বর্ণময় এক নগরকীর্তনের রূপ নিয়েছিল। জয়ধ্বনি আর নীল-সাদা পতাকার আবহে এদিন সরগরম ছিল গোটা চৌরঙ্গি এলাকা।
পিছিয়ে ছিলেন না উত্তরের অন্য প্রার্থীরাও। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ এদিন ভরসা রেখেছিলেন জনসংযোগের ওপরেই। ২ নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ শেঠ লেন থেকে শুরু করে বিশ্বনাথ পার্ক ও সেভেন ট্যাঙ্কস লেনের অলিগলি চষে বেড়ান তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন এই বর্ষীয়ান নেতা। এরপর ৪ নম্বর ওয়ার্ডের বীরপাড়া লেন ও দমদম রোড এলাকায় দীর্ঘক্ষণ পদযাত্রা করেন তিনি। প্রচারের ঝোড়ো ইনিংস শেষে বিকেলে কাশীপুর রোডে রিজেন্ট সিনেমার সামনে আয়োজিত এক পথসভায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানান অতীনবাবু।
একই ছবি ধরা পড়েছে জোড়াসাঁকো কেন্দ্রেও। তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায় এদিন সকালে শ্রীমানি মার্কেট সংলগ্ন এলাকায় ব্যাপক প্রচার চালান। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা এবং সাধারণ মানুষের আশীর্বাদ নিতে তাকে দীর্ঘক্ষণ ব্যস্ত থাকতে দেখা যায়। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ১২৮ নম্বর ওয়ার্ডের জয়রাম পোস্ট অফিসের কাছে এক পথসভায় বক্তব্য রাখেন। সেখানে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে হাতিয়ার করে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন।
অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে প্রচারের উত্তাপ বাড়িয়েছিলেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। ৮৪ নম্বর ওয়ার্ডের এমপি রোড থেকে শুরু করে ৮৮ নম্বর ওয়ার্ডের চন্দ্র মণ্ডল লেন— সর্বত্রই মিছিলে নেতৃত্ব দেন তিনি। নিকাড়ি পাড়া এলাকায় এক পথসভায় তিনি দাবি করেন, মানুষের আশীর্বাদ এবারও জোড়াফুলের সঙ্গেই থাকবে। দক্ষিণ কলকাতার কেয়াতলা এলাকায় তাকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা যায়। আবার মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে এদিন উল্টোডাঙা অঞ্চলের বিআরএস-৩ এবং হরিজন পল্লিতে গিয়ে ভোটারদের কাছে পৌঁছে যান। প্রতিটি এলাকাতেই তৃণমূলের প্রচারে স্লোগান এবং মিউজিকের ব্যবহারে এক উৎসবের আবহ তৈরি করা হয়েছিল।
শাসক দলের এই জাঁকজমকপূর্ণ প্রচারের বিপরীতে বিজেপি এদিন ভিনরাজ্যের হেভিওয়েট নেতাদের মাঠে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছে। জানবাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে দেখা যায় চৌরঙ্গির বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে। তবে বিকেলের দিকে কেশবচন্দ্র সেন স্ট্রিটের বাটা মোড়ে আয়োজিত পথসভাটি ছিল বিশেষ আকর্ষণের। সেখানে জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় ওঝার সমর্থনে প্রচার করতে আসেন বিহারের জনপ্রিয় বিজেপি বিধায়ক তথা গায়িকা মৈথিলি ঠাকুর। ভিনরাজ্যের এই তারকা প্রচারককে দেখতে ভিড় জমেছিল চোখে পড়ার মতো। মৈথিলি এদিন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের সমর্থনেও প্রচার সারেন। গেরুয়া শিবিরের দাবি, মোদী হাওয়ায় এবার কলকাতাতেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
পিছিয়ে নেই বামেরাও। বড় বড় জনসভা বা রোড শো-এর বদলে বাম প্রার্থীরা এদিন রাজপথের দখল নিতে বেছে নিয়েছিলেন দীর্ঘ পদযাত্রা ও লাল পতাকার মিছিল। ভবানীপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের সমর্থনে এদিন বিশাল পদযাত্রা হয়। মুক্তদল মোড় থেকে শুরু হয়ে পুণ্য সিনেমা হল পর্যন্ত হওয়া সেই মিছিলে হাঁটতে দেখা যায় সিপিএমের পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্যকে। মিছিলে বুদ্ধিজীবী মহলের উপস্থিতি ভোটারদের বাড়তি নজর কেড়েছে, বিশেষ করে চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের উপস্থিতি মিছিলের গুরুত্ব বাড়িয়ে দেয়।
একইভাবে কসবা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস সন্ধ্যায় কসবা বুস্টিং স্টেশন থেকে একটি বিশাল মিছিল বের করেন। এলাকার প্রবীণ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি দীর্ঘ পথ পদব্রজে অতিক্রম করেন। জোড়াসাঁকো কেন্দ্রের সিপিএম প্রার্থী ভরতরাম তিওয়ারিও পিছিয়ে ছিলেন না। সকালেই দলীয় কার্যালয় থেকে শুরু করে এলাকার প্রধান রাস্তাগুলোতে সমর্থকদের নিয়ে মিছিলে হাঁটেন তিনি। অন্যদিকে, বেলেঘাটা কেন্দ্রের সিপিএম প্রার্থী পারমিতা রায় ৩০ নম্বর ওয়ার্ডে সুশৃঙ্খল মিছিলে নেতৃত্ব দেন। বামেদের বক্তব্য, মানুষের রুটিরুজি এবং কর্মসংস্থানের যে দাবি, তা কেবল লাল পতাকাই পূরণ করতে পারে।
ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই কলকাতার রাজনৈতিক পারদ ঊর্ধমুখী হচ্ছে। রবিবারের এই মেগা প্রচার পর্ব শেষে এটা স্পষ্ট যে, প্রতিটি রাজনৈতিক দলই তাদের শেষ অস্ত্রটি প্রয়োগ করতে তৈরি। কেউ উন্নয়নের দোহাই দিচ্ছে, কেউ পরিবর্তনের ডাক দিচ্ছে, আবার কেউ বামপন্থী আদর্শকে আঁকড়ে ধরে মানুষের দরজায় যাচ্ছে। সোমবার প্রচারের শেষ দিন হওয়ার আগে শহরের প্রতিটি মোড়ে মোড়ে এখন শুধুই রাজনীতির চর্চা। এখন দেখার, রবিবাসরীয় এই ‘ঝোড়ো ব্যাটিং’ আগামী সপ্তাহে কার ঝুলিতে কত ভোট নিয়ে আসে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

