Khabor Ekhon
‘আমাকে জেলে ভরুন, ভোট বাড়বে’, দুর্গাপুরে গর্জন মমতার
লোকসভা নির্বাচনের পারদ চড়তেই রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুরের জনসভা থেকে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং বিজেপিকে কার্যত একাসনে বসিয়ে বেনজির আক্রমণ শাণালেন তিনি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, “পারলে আমাকে জেলে ঢুকিয়ে দিন, আমার ভোট আরও বাড়বে। না হলে গুলি করে মেরে দিন!”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এ রাজ্যে অবাধে টাকা এবং বহিরাগতদের প্রবেশ করানোর জন্য পরিকল্পিতভাবে পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে। তাঁর কথায়, “পাঁচশোর বেশি অফিসারকে বদলে দেওয়া হয়েছে। কেন? যাতে ড্রাগ ধরতে না পারে, বর্ডার দিয়ে টাকা ঢোকা আটকাতে না পারে।” দিল্লির ‘নির্দেশে’ একতরফাভাবে ভোট পরিচালনা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। একইসঙ্গে দুই লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের ভয় দেখানোর চেষ্টার অভিযোগ তুলে এজেন্টদের শক্ত থাকার বার্তা দেন তিনি।
এদিন দুর্গাপুরের শিল্পাঞ্চলে কর্মসংস্থান নিয়েও স্থানীয় আবেগ উসকে দিয়েছেন তৃণমূল নেত্রী। কারখানায় স্থানীয়দের বদলে বহিরাগতদের চাকরি পাওয়া নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিচ্ছে, আর লোকালরা বঞ্চিত হচ্ছে। এই সিস্টেম আমি বন্ধ করবই।” নিজের দলের নেতা-কর্মীদের প্রতিও কড়া বার্তা দিয়ে তিনি জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে যত বড় ‘কেউকেটা’ হোক, তাঁকে ছাড়া হবে না। মমতার সংযোজন, “আমার কর্মীরা ভুল করলে আমি তাদের থাপ্পড় মারতে পারি, সেই অধিকার আমার আছে।”
বিজেপিকে ‘অপরিণত’ ও ‘স্বৈরাচারী’ তকমা দিয়ে মমতা এদিন ‘ঝড়ে পড়ে যাওয়ার’ ভবিষ্যদ্বাণী করেন। প্রধানমন্ত্রীর সভায় ৫০০ টাকা দিয়ে বাইরে থেকে লোক আনা হচ্ছে বলে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা সব কেড়ে নেবে। রেজাল্ট দেখে বলবেন, দেখ কেমন লাগে!” ঝোড়ো বক্তৃতার শেষে গেরুয়া শিবিরকে ৪৪০ ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিপদের সঙ্গে তুলনা করে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি— “বিজেপি ডেঞ্জারাস! অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে।”
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

