Khabor Ekhon
রাজনীতিতে বন্ধু বদলায়, শত্রুও,মমতাকে নিয়ে সেলিমের তাৎপর্যপূর্ণ বার্তা
শ্রীতমা ব্যানার্জী :বাংলার রাজনীতিতে কি বদলের ইঙ্গিত? দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ভুলে কি এবার একই মঞ্চে দেখা যেতে পারে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে? বিরোধী ঐক্যের প্রশ্নে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর সেই জল্পনার মধ্যেই অত্যন্ত মেপে পা ফেললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।গণতন্ত্রে আলোচনার দরজা কখনও বন্ধ থাকতে পারে না, তবে আলোচনায় বসার আগে বন্ধু ও শত্রুকে চিনে নেওয়া জরুরি। তৃণমূলের সঙ্গে সম্ভাব্য কথাবার্তা নিয়ে প্রশ্নের উত্তরে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেলিম। তাঁর বক্তব্য, রাজনীতি ও গণতন্ত্রে যে কারও সঙ্গে কথা বলায় আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক সম্পর্কের সমীকরণ বুঝে চলাটাও সমান গুরুত্বপূর্ণ।সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সাম্প্রতিক সাক্ষাৎ ঘিরেও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই সেলিমের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে।তবে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিলেও তৃণমূলের প্রতি সিপিএমের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার কোনও স্পষ্ট বার্তা দেননি তিনি। বরং তৃণমূল ও বিজেপি, দুই শিবিরকেই নিশানা করে তাঁর অভিযোগ, বাংলায় বামপন্থীদের সরানোর রাজনীতিতে একসময় তৃণমূলকে ব্যবহার করেছিল দক্ষিণপন্থী শক্তি। এখন সেই রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপিও একই ধরনের দুর্নীতির রাজনীতি চালিয়ে যাচ্ছে বলে দাবি সেলিমের।অন্যদিকে, বিরোধী ঐক্যের জাতীয় কৌশল এবং রাজ্যের রাজনৈতিক বাস্তবতাকে আলাদা করে দেখার পক্ষপাতী এম এ বেবি। তাঁর বক্তব্য, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের চেষ্টা চললেও প্রতিটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এক নয়। তাই বাংলায় কীভাবে আন্দোলন বা রাজনৈতিক সমন্বয় গড়ে উঠবে, তা ঠিক করবে রাজ্য নেতৃত্বই।সব মিলিয়ে, বাংলার রাজনীতিতে এখন প্রশ্ন একটাই, বিরোধী ঐক্যের স্বার্থে কি পুরনো রাজনৈতিক দূরত্ব কিছুটা কমবে? নাকি বন্ধু ও শত্রুর হিসেব কষেই নিজেদের পৃথক রাজনৈতিক পথ ধরে এগোবে বাম শিবির? উত্তর এখনও স্পষ্ট নয়। তবে সেলিমের একটি মন্তব্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বাংলার রাজনৈতিক সমীকরণ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

