Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ট্রাফিক সামলাবেন বৃহন্নলারা, কর আদায়েও নামছে ব্রিগেড

0 55,161

শ্রীতমা ব্যানার্জী :সমাজের প্রান্তিক পরিচয় থেকে বেরিয়ে এবার প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ার নতুন সুযোগ পেতে চলেছেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁদের জন্য বিশেষ কর্মসংস্থানের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। লক্ষ্য একদিকে বিকল্প জীবিকার ব্যবস্থা করা, অন্যদিকে প্রশাসনিক কাজের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের যুক্ত করে সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরতার পথ তৈরি করা।সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত বৃহন্নলা ব্রিগেডের সদস্যদের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে মোতায়েন করা হতে পারে। তাঁদের কাজ হবে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট বাঁধা, ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তায় আবর্জনা বা থুতু না ফেলার মতো বিষয়ে প্রচার চালাবেন তাঁরা। এই কাজের আগে পুলিশ প্রশাসনের তরফে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।শুধু ট্রাফিক সচেতনতা নয়, পুরসভার বকেয়া কর আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। কলকাতা-সহ বিভিন্ন পুরসভায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সম্পত্তি কর বকেয়া রয়েছে। পর্যাপ্ত কর্মীর অভাবে সেই কর আদায় করতে সমস্যায় পড়ছে প্রশাসন। এই পরিস্থিতিতে পুরসভার কর্মীদের সঙ্গে থেকে বাড়ি বাড়ি গিয়ে করদাতাদের বকেয়া অর্থ জমা দেওয়ার অনুরোধ জানাতে পারেন বৃহন্নলা ব্রিগেডের সদস্যরা। তাঁদের শেখানো হবে কীভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং কীভাবে কর জমার বিষয়ে বোঝাতে হবে।অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই কাজের জন্য তাঁদের প্রশিক্ষণের পাশাপাশি নির্দিষ্ট সাম্মানিক দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সরকারের উদ্দেশ্য, ট্রাফিক সিগন্যালে ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল না থেকে তৃতীয় লিঙ্গের মানুষ যাতে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, সেই সুযোগ তৈরি করা।প্রাথমিকভাবে কলকাতা, হাওড়া ও বিধাননগর এলাকায় এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য পুরসভাতেও প্রকল্পটি সম্প্রসারণের ভাবনা রয়েছে।তবে এই পরিকল্পনা বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, নিয়োগের ধরন কী হবে এবং প্রশিক্ষণের পর তাঁদের দায়িত্ব কীভাবে বণ্টন করা হবে, তা এখনও চূড়ান্ত নয়। সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ‘বৃহন্নলা ব্রিগেড’ কতটা নতুন দিশা দেখাতে পারে, এখন সেদিকেই নজর।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper