Khabor Ekhon
এক ধাক্কায় ৫০ পুলিশকর্তার বদলি,থানায় থানায় প্রশাসনিক ভূমিকম্প
শ্রীতমা ব্যানার্জী : রাজ্য পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল। একসঙ্গে ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলির নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বিভিন্ন থানার ইন্সপেক্টর-ইন-চার্জ বা আইসি পদে পরিবর্তনের পাশাপাশি একাধিক আধিকারিককে গোয়েন্দা বিভাগ, সিআইডি এবং স্পেশাল টাস্ক ফোর্সেও পাঠানো হয়েছে।এই রদবদলের প্রভাব পড়েছে রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাট-সহ রাজ্যের একাধিক পুলিশ জেলা ও কমিশনারেটে। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।বদলির তালিকায় উল্লেখযোগ্য নাম কাজল বন্দ্যোপাধ্যায়। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুরের সার্কেল ইন্সপেক্টর পদে কর্মরত এই আধিকারিককে বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইআটি থানার নতুন আইসি করা হয়েছে। অন্যদিকে, রানাঘাট জেলার ডিআইবি-তে কর্মরত দেবাশিস সরকারকে রানাঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।উত্তর ২৪ পরগনার বসিরহাট থানাতেও আসছে নতুন নেতৃত্ব। মিরিক থানার প্রাক্তন আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার নতুন আইসি করা হয়েছে। বসিরহাটের বর্তমান আইসি মহম্মদ ফিরোজ আলিকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। দার্জিলিং ডিআইবি-তে কর্মরত ভূষণ ছেত্রী দায়িত্ব পাচ্ছেন মিরিক থানার।শুধু থানার দায়িত্বে বদল নয়, গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থাগুলিতেও হয়েছে রদবদল। সিআইডির ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাসকে ইসলামপুর থানার আইসি করা হয়েছে। অন্যদিকে, রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সে। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও এসটিএফে বদলি করা হয়েছে।এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক থানার দায়িত্বে নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। কোচবিহার, বাঁকুড়া, মালদহ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ প্রশাসনেও এই বদলির প্রভাব পড়েছে।রাজ্য পুলিশের এই ব্যাপক রদবদলকে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। তবে এই পরিবর্তনের ফলে বিভিন্ন থানার আইনশৃঙ্খলা রক্ষা, তদন্তের গতি এবং পুলিশি পরিষেবায় কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার। নতুন দায়িত্বে আধিকারিকদের দ্রুত যোগদানের নির্দেশ থাকায় আগামী কয়েক দিনের মধ্যেই বিভিন্ন থানায় নতুন নেতৃত্বের দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

