Khabor Ekhon
জিরো এফআইআরে চাঞ্চল্য, ইন্দ্রনীল ও ব্রাত্যকে ঘিরে বিতর্ক
শ্রীতমা ব্যানার্জী : রাজ্যের রাজনীতিতে ফের অস্বস্তির ছায়া। এবার গুরুতর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর নাম জড়াল জিরো এফআইআরে। তাঁদের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় এই জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে। সমাজকর্মী রাজীব সরকার এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কয়েকজন মহিলা আগেই পুলিশের কাছে তাঁদের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ না হওয়ায় তিনি নিজেই তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হন। গত ১২ নভেম্বর বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জমা দেন রাজীব। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস-এর ১৭৩(১) ধারা উল্লেখ করে তিনি জিরো এফআইআর দায়ের এবং তদন্ত শুরুর আবেদন জানান। অভিযোগে ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন, তোলাবাজি ও দুর্নীতির মতো বিষয়ও উঠে এসেছে। দুই প্রাক্তন মন্ত্রী ছাড়াও একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে অভিযোগপত্রে। পুলিশ সূত্রে খবর, বাগুইআটি থানায় জিরো এফআইআর নথিভুক্ত করার পর অভিযোগটি সংশ্লিষ্ট থানায় তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার অভিযোগের প্রকৃতি ও ঘটনার স্থান বিবেচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ করবে সংশ্লিষ্ট থানা। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তে প্রমাণিত হয়নি। ফলে অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। তদন্তের গতিপ্রকৃতি এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। একদিকে রাজ্যের রাজনৈতিক সমীকরণ, অন্যদিকে একাধিক গুরুতর অভিযোগ। এই জিরো এফআইআর আগামী দিনে কতটা বড় আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়, সেটাই এখন দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

