Khabor Ekhon
অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, সরল ছাউনি
শ্রীতমা ব্যানার্জী :রাজনৈতিক উত্তেজনার আবহেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নামাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে হাজির হন তাঁর ১২১, কালীঘাট রোডের বাসভবনের সামনে। সরিয়ে দেওয়া হয় ফুটপাতের উপর তৈরি অস্থায়ী বাঁশের কাঠামো ও ছাউনি। পুরসভার বক্তব্য, ফুটপাতের উপর ওই অস্থায়ী কাঠামো তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। পথচারীদের চলাচল স্বাভাবিক করতেই এই উচ্ছেদ অভিযান। অভিযানের সময় এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তবে এই অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, গত কয়েক দিন ধরেই অভিষেকের কালীঘাটের বাড়িকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত ৭ নভেম্বর তাঁর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে বাড়ির বাইরে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে ধস্তাধস্তি ও ইটবৃষ্টির অভিযোগ। অভিষেকের অভিযোগ ছিল, তাঁর উপর হামলার চেষ্টা হয়েছে এবং কাছের একটি তৃণমূল কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।এরপর বুধবার কলকাতা পুলিশের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, পুলিশের সরকারি গাড়ি ব্যবহার করে তাঁর বাড়ির আশপাশে নজরদারি চালানো হচ্ছে। ফের হামলার আশঙ্কার কথাও জানান তিনি। এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপও দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

