Khabor Ekhon
নার্সিংহোমের শৌচাগারে সন্তান প্রসব, সদ্যোজাতকে জানলা দিয়ে ফেলার অভিযোগ
শ্রীতমা ব্যানার্জী :হুগলির উত্তরপাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শৌচাগারে সন্তান প্রসবের পর সদ্যোজাত শিশুকন্যাকে জানলা দিয়ে নীচে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে ১৬ বছরের এক নাবালিকার বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে নবজাতকের। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পেটে তীব্র যন্ত্রণা নিয়ে ওই নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করান পরিবারের সদস্যরা। হাওড়ার বাসিন্দা ওই কিশোরীর পরিবার দাবি করেছে, মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তাঁদের জানা ছিল না। সাধারণ পেটের ব্যথা ভেবেই তাঁরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার সকালে শারীরিক যন্ত্রণা বাড়লে ওই কিশোরী নিজেই শৌচাগারে যায়। সেখানেই কারও সাহায্য ছাড়াই সন্তানের জন্ম দেয়। এরপর শৌচাগারের জানলা দিয়ে সদ্যোজাতকে নীচে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। কিছুক্ষণ পর এক স্থানীয় বাসিন্দা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। নার্সিংহোমের এক কর্মী দ্রুত তাকে উদ্ধার করে ভিতরে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ তদন্তে নামে। নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সদ্যোজাতের ময়নাতদন্তেরও সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই নার্সিংহোমের বিরুদ্ধে অতীতেও ভ্রূণ উদ্ধারের ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। গোটা ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

