Khabor Ekhon
এসবিআইয়ের পর পিএনবিতেও কোটি কোটি টাকার হদিস নেই, ৩৫ কোটি উধাওয়ে চাঞ্চল্য
খবর এখন ব্যুরো: নিজেদের ভবিষ্যৎ গড়তে ব্যাঙ্কের শরণাপন্ন হন সাধারণ মানুষ। আসলে ব্যাঙ্কে রাখা টাকা সুরক্ষিত, এই ভরসাতেই টাকা রাখেন সাধারণ মানুষ। কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই গ্রাহকদের অজান্তেই গায়েব হয়ে যাচ্ছে টাকা। হ্যাঁ, এসবিআইয়ের পর এবার পিএনবি। নয়ডায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় ৩৫ কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় শাখা ম্যানেজার-সহ একাধিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।৩৯ লক্ষ টাকা থেকে অ্যাকাউন্ট শূন্য। অভিযোগকারী হানিফ খান জানান, তাঁর সেভিংস অ্যাকাউন্টে প্রায় ৩৯ লক্ষ টাকা ছিল। সম্প্রতি অ্যাকাউন্ট চেক করতে গিয়ে তাঁর নজরে আসে অ্যাকাউন্টে টাকা নেই। যা দেখার পর রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। অভিযোগ, তিনি কোনও টাকা তোলার অনুমতি দেননি, কোনও কাগজে সই করেননি, এমনকি টাকা কাটার কোনও বার্তা বা এসএমএসও পাননি। একই অভিযোগ আরও অন্যান্য অনেক গ্রাহকের। কারও ফিক্সড ডিপোজিট, কারও সেভিংস থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে গেছে বলে দাবি।কৃষকের ক্ষতিপূরণের টাকাও গায়েব! ক্ষতিগ্রস্তদের মধ্যে জমি অধিগ্রহণের টাকা পাওয়া কৃষকরাও রয়েছেন। কৃষক বিজেন্দ্র সিংয়ের দাবি, তাঁর অ্যাকাউন্টে ৮৭-৮৮ লক্ষ টাকা ছিল, এখন পড়ে আছে মাত্র ১ লক্ষ টাকা। বিরোন্ডা গ্রামের চা-সিঙাড়া বিক্রেতা সন্তোষের পরিবারের অভিযোগ, জেওর বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে তাঁরা ১ কোটি ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন। টাকা তুলতে গিয়ে দেখেন ১ কোটি ১৮ লক্ষ টাকা নেই। পরিবারের দাবি, ওই টাকাই ছিল তাঁদের ভবিষ্যতের একমাত্র সম্বল। আরেক গ্রাহক জাকিরের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯.৫ লক্ষ টাকা উধাও হয়েছে কোনও বার্তা ছাড়াই। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শাখা ম্যানেজার-সহ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। গ্রেটার নয়ডার বিটা-২ থানায় মামলা দায়ের হয়েছে। তবে টাকা কীভাবে সরল, এর পিছনে কোনও চক্র আছে কি না এবং গ্রাহকরা টাকা ফেরত পাবেন কি না,সেই সব প্রশ্নের উত্তর এখনো তদন্তসাপেক্ষ। তদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

