AB Live News
বক্সার জঙ্গলে ছাড়া হল বাঘিনি, ফিরল গর্জন
শিবনাথ দাস : উত্তরবঙ্গের ডুয়ার্সের ঐতিহাসিক বক্সা ব্যাঘ্র প্রকল্পের দীর্ঘদিনের আক্ষেপ মিটিয়ে অবশেষে জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি। বহু দশক ধরে বক্সার অরণ্য বাঘহীন অবস্থায় পড়ে ছিল এবং ২০১৮ সালের জাতীয় ব্যাঘ্র শুমারিতেও এই বনে কোনও বাঘের অস্তিত্ব মেলেনি। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বক্সার গভীর অরণ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত করা হল একটি পূর্ণবয়স্ক সুস্থ বাঘিনিকে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গান্ধী জয়ন্তীর পুণ্যলগ্নে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা এই বাঘিনিটিকে জঙ্গলে ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৫ মাইলের গভীর জঙ্গলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গান্ধীজির জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযানের পবিত্র ক্ষণেই এই অনন্য বন সংরক্ষণ কর্মসূচির সূচনা করা হল। বক্সার হৃত গৌরব পুনরুদ্ধারের এটি কেবল একটি প্রাথমিক পদক্ষেপ। একই সঙ্গে পূর্বতন সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণেই বক্সা কেবল খাতায়-কলমে টাইগার রিজার্ভ ছিল, বাস্তবে কোনও বাঘ ছিল না। কেন্দ্রীয় বন দপ্তরের বিশেষ অনুমতি সাপেক্ষে প্রায় তিন বছর বয়সি এই বাঘিনিটিকে বাগে এনে বায়ুসেনার বিশেষ বিমানে হাসিমারা এবং সেখান থেকে সড়কপথে বক্সায় নিয়ে এসে কিছু দিন বিশেষ ঘেরাটোপে রাখা হয়েছিল। আজ তাকে চিরতরে মুক্ত অরণ্যে ছেড়ে দেওয়া হল। বন আধিকারিকদের মূল পরিকল্পনা হল, প্রতিবেশী ভুটান ও অসমের জঙ্গল থেকে প্রায়শই পুরুষ বাঘ বক্সার সীমানায় প্রবেশ করে। তাদের সঙ্গে এই নতুন বাঘিনির প্রাকৃতিক মিলনের মাধ্যমে যাতে বক্সার বিস্তীর্ণ বনাঞ্চলে বাঘের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এই বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ দিন অরণ্যের কর্মসূচির পাশাপাশি রাজাভাতখাওয়া ও ডুকপা বস্তির আদি বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে আলিপুরদুয়ারের জনসভায় তিনি ঘোষণা করেন, জয়ন্তী সংলগ্ন এলাকায় প্রায় দু’হাজার একর জমিতে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং দ্রুত জেলায় একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় স্থাপন করে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

