Khabor Ekhon
মমতার মেয়াদ উত্তীর্ণ দাবি করে সরব সুকান্ত
শিবনাথ দাস: রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত ‘রোজগার মেলা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা ও ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ তোলেন। সুকান্তবাবুর বক্তব্য, অতীতে বিধানসভা নির্বাচনের পর ভবানীপুরে বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বিরোধীদের উপরে ক্রমাগত ভীতি প্রদর্শন করা হয়েছে। বিজেপি চাইলে পাল্টা তৃণমূলের সব কার্যালয় পুড়িয়ে বা ভেঙে দিতে পারত, কিন্তু তাঁরা এই ধরনের প্রতিহিংসামূলক সংস্কৃতিতে বিশ্বাস করেন না। নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের মুখে তৃণমূলের অভ্যন্তরীণ জটিলতা নিয়ে কটাক্ষ করে তিনি দাবি করেন, তৃণমূলের রাজনৈতিক মেয়াদ সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে গিয়েছে। একই প্রতীকের একাধিক দাবিদার থাকায় নির্বাচন কমিশন জোড়াফুল প্রতীক স্থগিত রাখার যে নির্দেশ দিয়েছে, তাকে যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, একটি প্রতীক ছিঁড়ে দু’টি গোষ্ঠীকে দেওয়া কখনও সম্ভব নয়। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার পর কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের বিষয়েও তিনি মন্তব্য করেন। মিলন প্রধানের গ্রেপ্তারি প্রসঙ্গে সুকান্তবাবু জানান, তাঁর বিরুদ্ধে একাধিক পুরনো মামলা থাকায় আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে এবং বিষয়টি সম্পূর্ণ আদালতের বিচারাধীন। একই সঙ্গে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, দীর্ঘদিন তৃণমূলের অত্যাচার নিয়ে নীরব থাকলেও এখন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক বাধ্যবাধকতায় মুখ খুলছেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

