AB Live News
বিরিয়ানিতে দেওয়ালের রং! কোথাও ছত্রাক, কোথাও পচা খাবার,কলকাতার প্রায় ৪০ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড
শ্রীতমা ব্যানার্জী : বাইরে ঝাঁ-চকচকে সাজসজ্জা, ভিতরে মুখরোচক খাবারের গন্ধ। কিন্তু সেই রান্নাঘরের অন্দরমহলেই যদি লুকিয়ে থাকে পচা খাবার, ছত্রাক কিংবা আরশোলা-ইঁদুরের বাসা? কলকাতার একাধিক নামী রেস্তরাঁয় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অভিযানে উঠে এল এমনই চাঞ্চল্যকর ছবি। শহরের প্রায় ৪০টি রেস্তরাঁ ও খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে কলকাতা পুরসভা।অভিযানের তালিকায় রয়েছে রিপন স্ট্রিটের করিমস, কলকাতা পুরসভার পাশে নিজামস, ইএম বাইপাস সংলগ্ন শিমলা বিরিয়ানি এবং আরসালানের একটি শাখা। কোথাও পচা খাবারের সন্ধান মিলেছে, কোথাও খাবারে ছত্রাক পাওয়া গিয়েছে। আবার কোনও কোনও জায়গায় খাবার মজুত রাখার স্থানে আরশোলা ও ইঁদুরের বাসারও হদিশ মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো অভিযোগগুলির একটি হল,এক জায়গায় বিরিয়ানিতে বাড়ির দেওয়ালে ব্যবহৃত রং মেশানোর প্রমাণ পাওয়া গিয়েছে বলে প্রশাসনিক অভিযানের রিপোর্টে উঠে এসেছে। সাধারণ মানুষের পাতে যে খাবার পৌঁছচ্ছে, তার উপকরণ এবং রান্নাঘরের পরিবেশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। পুজোর আগে কলকাতার খাবারের বাজারে যখন ভিড় বাড়ছে, তখন এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ উৎসবের মরসুমে রেস্তরাঁ, খাবারের দোকান এবং ফুড আউটলেটগুলিতে ক্রেতার সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। ফলে খাবারের মান, সংরক্ষণ এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর আগে কলকাতা ও আশপাশের এলাকায় খাদ্য নিরাপত্তা অভিযানে একাধিক রেস্তরাঁ থেকে মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযুক্ত মাংস-মাছ উদ্ধার এবং খাবারের নমুনা সংগ্রহের ঘটনাও সামনে এসেছে। পার্ক স্ট্রিটের একাধিক জনপ্রিয় রেস্তরাঁতেও রান্নাঘর, ফ্রিজ ও খাদ্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখেছে পুরসভার খাদ্য নিরাপত্তা দল। রাজ্যজুড়ে চলা এই কড়া অভিযানে ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠান সিল, খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা এবং লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপের খবর সামনে এসেছে। প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য একটাই—নামী রেস্তরাঁ হোক বা ছোট খাবারের দোকান, মানুষের পাতে নিরাপদ খাবার পৌঁছনো নিশ্চিত করা। আর সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট করে দিল সাম্প্রতিক অভিযান—স্বাদের সঙ্গে আপস না হলেও, খাবারের নিরাপত্তার সঙ্গে কোনও আপস চলবে না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

