Khabor Ekhon
পুজোর ঢাকে কাঠি, আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
শ্রীতমা ব্যানার্জী :বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতিতে এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য। দুর্গাপুজোকে সামনে রেখে আজ পুজো কমিটিগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৪টেয় মিলন মেলা প্রাঙ্গণে এই বৈঠক হওয়ার কথা। পুজোর আগে মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বৈঠকের টেবিলে উঠতে পারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। পুজো কমিটিগুলির জন্য কী কী সরকারি নির্দেশিকা থাকবে, কোন কোন কমিটি সরকারি অনুদান পাবে, প্রশাসনিক সহযোগিতা কতটা মিলবে—এসব নিয়েই হতে পারে বিস্তারিত আলোচনা। পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। পুজো উদ্যোক্তাদের কাছে এই বৈঠক তাই নিছক প্রশাসনিক বৈঠক নয়। পুজোর আয়োজন থেকে শুরু করে অনুমতি, নিরাপত্তা, বিদ্যুৎ, ট্রাফিক ব্যবস্থা এবং বিসর্জনের মতো একাধিক বিষয় সরাসরি নির্ভর করে প্রশাসনিক সিদ্ধান্তের উপর। ফলে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন শহর ও জেলার হাজার হাজার পুজো কমিটির কর্তারা। গত বছর রাজ্যজুড়ে প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিভিন্ন প্রশাসনিক সুবিধা ও আর্থিক ছাড়ও দেওয়া হয়েছিল। এবার নতুন সরকারের আমলে সেই অনুদান ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর পুজো উদ্যোক্তাদের। অর্থাৎ, ঢাকে কাঠি পড়ার আগেই আজকের বৈঠকে কার্যত ঠিক হতে পারে এবারের দুর্গোৎসবের প্রশাসনিক রূপরেখা। পুজো কমিটিগুলির অপেক্ষা এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

