Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফাইনালের মঞ্চে উঠতে আজ ‘লাল-হলুদ’ বনাম ‘দিল্লি’ দ্বৈরথ!

0 5,906,785

সঞ্জয় মিত্র : ডুরান্ড কাপের ১৩৫তম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। লক্ষ্য একটাই—ফাইনালের টিকিট নিশ্চিত করা।টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। চার ম্যাচে তারা মোট ১৪টি গোল করেছে এবং হজম করেছে মাত্র একটি। সেই একমাত্র গোলটি এসেছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ০-১ ব্যবধানে হারের সময়। এরপর থেকে টানা চার ম্যাচে কোনও গোল হজম করেনি লাল-হলুদ।

গ্রুপ পর্বে সিআইএসএফ  প্রটেক্টর -কে ৮-০ এবং সাউথ ইউনাইটেড এফসি -কে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মি-কে ১-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। ধারাবাহিক এই পারফরম্যান্সের সুবাদেই তারা প্রতিযোগিতার সেরা দুই রানার্স-আপের মধ্যে জায়গা করে নেয়।

অন্যদিকে, গোল করার নিরিখে এবারের ডুরান্ড কাপে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলির অন্যতম এসসি দিল্লি। চার ম্যাচে তাদের ঝুলিতে এসেছে ২১টি গোল। বিপরীতে মাত্র তিনটি গোল হজম করেছে তারা। গ্রুপ সি-তে নয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে ওঠে দলটি।

গ্রুপ পর্বে জামশেদপুর এফসি -কে ২-১, ডিফেন্ডর্স এফসি -কে ৭-০ এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স -কে ৭-১ গোলে হারায় এসসি দিল্লি। কোয়ার্টার ফাইনালে এফসি রায়েন্দাই -এর বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে ৫-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। ফলে একদিকে ইস্টবেঙ্গলের শক্তি যেখানে জমাট রক্ষণ এবং ধারাবাহিক ক্লিন শিট, অন্যদিকে এসসি দিল্লির বড় অস্ত্র তাদের দুরন্ত আক্রমণভাগ। ম্যাচে তাই রক্ষণ বনাম আক্রমণের আকর্ষণীয় লড়াই দেখার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গলের নজর থাকবে স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজের দিকে। মাঝমাঠ থেকে আক্রমণে বল পৌঁছে দেওয়া, পজেশন ধরে রাখা এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। আক্রমণভাগে মহম্মদ বাসিম রশিদও বাড়তি শক্তি জোগাচ্ছেন। তবে ইস্টবেঙ্গলের অন্যতম বড় ভরসা পিভি বিষ্ণু। এখনও পর্যন্ত চারটি গোল করেছেন তিনি। সি আই এস এফ প্রটেক্টরস -এর বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মি -এর বিরুদ্ধে তাঁর হেডেই আসে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল। আজকের ম্যাচে তাই দুই দলের লক্ষ্য এবং শক্তির জায়গা একেবারেই আলাদা। ইস্টবেঙ্গল চাইবে তাদের দুর্ভেদ্য রক্ষণ এবং কার্যকর আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখতে। এসসি দিল্লির লক্ষ্য থাকবে টুর্নামেন্টে তাদের গোলের বন্যা অব্যাহত রেখে ফাইনালে জায়গা করে নেওয়া। কলকাতার যুবভারতীতে সন্ধ্যা ৭টায় শুরু হতে চলা এই সেমিফাইনাল ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। ৯০ মিনিটের লড়াই শেষে কে পাবে ফাইনালের ছাড়পত্র ইস্টবেঙ্গল, নাকি দুরন্ত ফর্মে থাকা এসসি দিল্লি—তার উত্তর মিলবে আজ রাতেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper