Khabor Ekhon
তোপধ্বনি, পুষ্পবৃষ্টি, তারপর ‘বন্দে মাতরম’—লালকেল্লায় ইতিহাস
শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার ৮০তম বর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই প্রথমবার লালকেল্লায় পূর্ণাঙ্গভাবে পরিবেশিত হল জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’। এর পরেই যথারীতি বাজানো হয় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’।
এ বছর ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি। সেই আবহেই স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে গানটির পূর্ণাঙ্গ পরিবেশনের বিশেষ তাৎপর্য রয়েছে।
লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করার সময় ২১ বার তোপধ্বনিতে সম্মান জানানো হয়। এই আনুষ্ঠানিকতায় ব্যবহার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০৫ মিমি লাইট ফিল্ড গান। এরপর সেনাবাহিনীর ব্যান্ডে বেজে ওঠে ‘বন্দে মাতরম’। একই সময়ে ভারতীয় বায়ুসেনার দুটি এমআই -১৭ হেলিকপ্টার অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করে। একটি হেলিকপ্টারে ছিল জাতীয় পতাকা, অন্যটিতে ছিল ‘বন্দে মাতরম’ লেখা পতাকা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, স্বাধীনতার পর এই প্রথম লালকেল্লায় ‘বন্দে মাতরম’ পরিবেশিত হল।
এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে ভাষণের আগে ও শেষে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ পরিবেশিত হয়েছিল। সম্প্রতি ‘প্রিভেনশন অফ ইন্সাল্টস টু ন্যাশনাল অনার (এমেন্ডমেন্ট ) বিল , ২০২৬’-এ রাষ্ট্রপতির সম্মতি মেলার পর জাতীয় সঙ্গীতের মতোই ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে।
স্বদেশি আন্দোলনের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা ‘বন্দে মাতরম’ এবার স্বাধীনতা দিবসের মূল মঞ্চে পেল আরও এক ঐতিহাসিক মর্যাদা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

