Khabor Ekhon
ফোর্ট উইলিয়ামের ছবি-মানচিত্র উদ্ধার, স্বাধীনতা দিবসের আগে বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা!
শ্রীতমা ব্যানার্জী : কলকাতার ফোর্ট উইলিয়ামের ছবি ও মানচিত্র! বাংলাদেশের সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন এক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এস টি এফ ।
মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়ায় যশোর রোডের কাছে রানা রউফ খালিদ ওরফে ওয়াহাব আলম এবং তাঁর সহযোগী বলে সন্দেহ করা মোহাম্মদ ইজাজকে গ্রেফতার করে এস টি এফ । তদন্তকারীদের দাবি, দু’জনেই বাংলাদেশের সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। ফোর্ট উইলিয়াম হল কলকাতায় ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতর। তাই সেখানকার ছবি ও মানচিত্র কীভাবে তাঁদের হাতে এল, কেনই বা তা সঙ্গে রাখা হয়েছিল—এই প্রশ্নগুলিই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। উদ্ধার হওয়া তথ্য কোনও ধরনের তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
শুধু ছবি বা মানচিত্র নয়, ধৃতদের মোবাইল ফোন থেকেও তদন্তকারীদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এস টি এফ সূত্রের দাবি, ফোনে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত একাধিক ফোন নম্বর ও সোশ্যাল মিডিয়া চ্যাট পাওয়া গিয়েছে। এর মধ্যে বেশ কিছু চ্যাট এবং নম্বর মুছে ফেলা হয়েছিল বলেও জানা গিয়েছে। মুছে দেওয়া সেই ডিজিটাল তথ্যই এখন তদন্তের অন্যতম বড় সূত্র। কার সঙ্গে যোগাযোগ ছিল, কী ধরনের কথাবার্তা হয়েছে এবং কোনও গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান হয়েছিল কি না—সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে কোনও বড় নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এস টি এফ -এর সন্দেহ, রউফের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই -এর কোনও যোগ থাকতে পারে। যদিও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে এবং এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হয়নি। ভারতে তাঁর গতিবিধি, যোগাযোগ এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত এলাকার সামরিক পরিকাঠামো এবং সেনা গতিবিধি সম্পর্কে কোনও তথ্য সংগ্রহ করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। স্বাধীনতা দিবসের আগে কোনও বড় ধরনের পরিকল্পনা বা অপারেশনের সঙ্গে এই কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও পরীক্ষা করছেন আধিকারিকরা। তদন্তে সামরিক গোয়েন্দা সংস্থাগুলিকেও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক এস টি এফ আধিকারিক। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা এবং ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে কোনও চক্রের যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারের পর মঙ্গলবার রাতে রউফকে হাবড়া হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পরে দু’জনকেই বারাসত আদালতে পেশ করা হলে আদালত তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
ফোর্ট উইলিয়ামের ছবি থেকে শুরু করে মুছে ফেলা ডিজিটাল চ্যাট—একাধিক সূত্র একসঙ্গে জুড়ে এখন তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এস টি এফ । এই দুই ব্যক্তির পিছনে সত্যিই কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না, নাকি অন্য কোনও উদ্দেশ্যে এই তথ্য তাঁদের কাছে ছিল, সেটাই এখন তদন্তের মূল প্রশ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

