Khabor Ekhon
“সকালের অভিযোগ, বিকেলের সমঝোতা— কয়েক ঘণ্টাতেই সময় যেন নিজের সাক্ষ্য বদলে দিল।”
শ্রীতমা ব্যানার্জী: কলকাতার রাজনৈতিক ও আইনি মহলে সোমবার এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল আলিপুর আদালত। সকালে পুলিশের হেফাজতে, আর বিকেলে আদালত চত্বর থেকেই জামিন— মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মামলার মোড় এমনভাবে ঘুরে যাবে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল।
১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার শামস ইকবাল অনিল-কে ২০২৩ সালের একটি তোলাবাজি ও অস্ত্র আইনের মামলায় সোমবার সকালে গ্রেপ্তার করে গার্ডেনরিচ থানার পুলিশ। রবিবার রাত থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় এবং পরে আলিপুর আদালতে তোলা হয়।
কিন্তু আদালতে পৌঁছেই মামলার চিত্র বদলে যায়। অভিযোগকারী মহম্মদ শাদাব আদালতে হলফনামা জমা দিয়ে জানান, তাঁর আর কোনও অভিযোগ নেই। তাঁর আইনজীবী আদালতকে জানান, শামস ইকবালের সঙ্গে অভিযোগকারীর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ভুল বোঝাবুঝির জেরেই অভিযোগ দায়ের হয়েছিল। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শাদাবের অভিযোগ ছিল, তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা আদায় করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই শামস ইকবাল-সহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
অভিযোগ প্রত্যাহারের পর আদালত শামস ইকবালকে জামিন মঞ্জুর করে। ফলে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মুক্তি পান।
আইনের কাঠগড়ায় যেখানে প্রতিটি শব্দের আলাদা ওজন, সেখানে এদিনের ঘটনাপ্রবাহ যেন মনে করিয়ে দিল— কখনও কখনও একটি হলফনামাই বদলে দিতে পারে পুরো মামলার পরিণতি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

