Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারি,এনটিএর প্রশ্ন তৈরির কমিটির সদস্য এক অধ্যাপিকা গ্রেফতার সিবিআইয়ের হাতে

0 832,983,480

 নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে একের পর এক চাঞ্চল্যকর মোড়। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রশ্নপত্র তৈরির কমিটির অন্যতম সদস্য তথা উদ্ভিদবিদ্যার অধ্যাপিকা মনীষা মান্ধারেকে গ্রেফতার করেছে। গত ৩ মে অনুষ্ঠিত হওয়া এই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের প্রশ্ন ফাঁসের নেপথ্যে এই অধ্যাপিকাই অন্যতম মূল চক্রী বা ‘মাস্টারমাইন্ড’ ছিলেন বলে সিবিআই দাবি করেছে। 

দিল্লির সিবিআই সদর দফতরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এই মামলার মূল পান্ডা তথা রসায়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক পি ভি কুলকার্নি এবং অন্যান্য ধৃতদের জেরা করেই মনীষার নাম সামনে আসে। ধৃত মনীষা মান্ধারে পুনের ‘মডার্ন কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স’-এ কর্মরত। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, গত ৫-৬ বছর ধরে এনটিএ-র হয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজে যুক্ত ছিলেন মনীষা। ২০২৬ সালের নিট পরীক্ষার উদ্ভিদবিদ্যা এবং প্রাণিবিদ্যা উভয় বিভাগের প্রশ্নপত্র তৈরির দায়িত্বে ছিলেন তিনি। এনটিএ-র বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত থাকার সুবাদে জীববিজ্ঞানের পুরো প্রশ্নপত্রটি মনীষার হাতের মুঠোয় ছিল। সিবিআই-এর অভিযোগ, এই সুযোগের অপব্যবহার করে ২০২৬ সালের এপ্রিল মাসেই পুণেতে গোপন কোচিং ক্লাসের মাধ্যমে বেছে নেওয়া কিছু পরীক্ষার্থীর কাছে তিনি প্রশ্নপত্র ফাঁস করে দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই গোপন ক্লাস চলাকালীন মনীষা ছাত্র-ছাত্রীদের উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যার বিভিন্ন প্রশ্ন মুখে বলে দিতেন এবং তার উত্তরও লিখিয়ে দিতেন। শুধু তাই নয়, প্রশ্নগুলো পরীক্ষার্থীদের খাতায় নোট করানোর পাশাপাশি পাঠ্যবইতেও দাগিয়ে দেওয়া হত। এর বিনিময়ে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, গত ৩ মে হওয়া মূল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে এই গোপন ক্লাসে দেওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। এই বিশেষ গোপন ক্লাসের জন্য পরীক্ষার্থীদের জোগাড় করার দায়িত্ব ছিল মনীষা ওয়াঘমারে নামে অন্য এক অভিযুক্তের ওপর, যাকে গত ১৪ মে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে যে, মনীষা মান্ধারে ঠিক সেই পদ্ধতি বা ‘মোডাস অপারেন্ডি’ ব্যবহার করেই প্রশ্ন ফাঁস করেছিলেন, যা রসায়নের প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন মূল অভিযুক্ত অধ্যাপক পি ভি কুলকার্নি। কুলকার্নিও দীর্ঘদিন ধরে নিটের প্রশ্ন তৈরির প্যানেলে ছিলেন এবং তাঁকেও পুণেতে শিক্ষার্থী জোগাড় করে গোপন ক্লাস চালাতে সাহায্য করেছিলেন এই মনীষা ওয়াঘমারে। শুক্রবারই সিবিআই কুলকার্নিকে গ্রেফতার করে। শনিবার কুলকার্নি ও ওয়াঘমারেকে দিল্লির আদালতে পেশ করে সিবিআই ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে। তদন্তকারীদের যুক্তি, এই বিশাল ষড়যন্ত্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে তা জানতে এবং তথ্যপ্রমাণ জোগাড়ে ধৃতদের দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। পুণে, দিল্লি, জয়পুর এবং গুরুগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে সিবিআই এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper