Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

NEET: ফের প্রশ্নফাঁস বিতর্ক

0 843,678,489

 চব্বিশের স্মৃতি উসকে ২০২৬ সালের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ঘিরে ফের উত্তাল গোটা দেশ। গত ৩ মে দেশ-বিদেশের প্রায় ২২.৭৯ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পরীক্ষার রেশ কাটতে না কাটতেই রাজস্থান থেকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, পরীক্ষার ঠিক একদিন আগেই ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র এবং সেই লিক হওয়া প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গিয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে তড়িঘড়ি তদন্তে নেমেছে রাজস্থান পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, একটি সুপরিকল্পিত চক্রের মাধ্যমে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে এই ‘নমুনা’ প্রশ্নপত্র। রাজস্থান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার আগে তল্লাশি চালিয়ে তারা একটি নমুনা প্রশ্নপত্র উদ্ধার করেন, যাতে ৪০০টিরও বেশি প্রশ্ন ছিল। গোয়েন্দারা সেই প্রশ্নপত্রটি মিলিয়ে দেখে অবাক হয়ে যান যে, রসায়ন ও জীববিদ্যার প্রায় ১০০টিরও বেশি প্রশ্ন আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে অবিকল মিলে গিয়েছে। যদিও এই ফাঁস হওয়া নথিটি দেখতে অনেকটা কোচিং সেন্টারের ‘গেজ পেপার’ বা টেস্ট পেপারের মতো, কিন্তু এত বিপুল সংখ্যক প্রশ্ন মিলে যাওয়াকে কোনোভাবেই নিছক কাকতালীয় বলে মানতে চাইছেন না তদন্তকারীরা।

এই ঘটনার জেরে উত্তরাখণ্ড ও রাজস্থানের বিভিন্ন ডেরায় তল্লাশি শুরু করেছে পুলিশের বিশেষ দল। এর আগে ২০২৪ সালের নিট কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA) নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছিল। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এআই (AI) চালিত সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক যাচাইকরণ এবং অত্যাধুনিক জ্যামার ব্যবহার করা হয়েছিল। এমনকি যে গাড়িতে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়, তাতেও জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগানো ছিল। এনটিএ-র পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, পরীক্ষার দিন কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। অত্যন্ত কড়া প্রোটোকল মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এজেন্সি জানিয়েছে, পরীক্ষার চার দিন পর অর্থাৎ ৭ মে রাতে তাদের কাছে প্রথম প্রশ্নফাঁসের খবরটি পৌঁছায়। পরদিন সকালেই বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তারা পুলিশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে। এদিকে, নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও কীভাবে প্রশ্ন বাইরে এল, তা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন লক্ষ লক্ষ পড়ুয়া। রাজস্থান পুলিশ জানিয়েছে, এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে কোন বড় মাথা কাজ করছে, তা খুঁজে বের করতে বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত চালানো হচ্ছে। আবারও কি বাতিলের মুখে পড়বে নিট, নাকি এনটিএ-র দাবি অনুযায়ী এটি কেবলই ‘গুজব’, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে শিক্ষামহলে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper