Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এফসি গোয়ার বিপক্ষে পয়েন্ট নষ্ট মোহনবাগানের

0 45,329,022

ফতোরডা স্টেডিয়ামে গোয়া বনাম মোহনবাগান বহুচর্চিত লড়াই ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ম্যাচ শেষে পরিণত হল হতাশার এক সন্ধ্যায়। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের ফুটবলারদের মধ্যে ছিল সতর্কতার ছাপ। আক্রমণে ছিল না প্রয়োজনীয় ধার। ফলে নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইনই ১-১।

ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয় বাগান। কোচ সের্জিও লোবেরা সামনে রেখেছিলেন জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো ও রবসন রবিনহোকে। কিন্তু আক্রমণে বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। মাঝমাঠ থেকে তৈরি হওয়া প্রতিটি আক্রমণই গোয়ার রক্ষণ ভাগের সামনে এসে থেমে যাচ্ছিল। অন্যদিকে, গোয়াও অযথা ঝুঁকি নেয়নি। মূলত রক্ষণ সামলে দ্রুত পালটা আক্রমণের কৌশলেই খেলছিল তারা।

প্রথমার্ধে সবুজ-মেরুনের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ আসে অপুইয়ার দূরপাল্লার শট থেকে। যদিও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া একটি মুহূর্তে লিস্টনের জোরালো শট গিয়ে লাগে সন্দেশ ঝিঙ্গানের মুখে। ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় মাঠের অবস্থা আরও কঠিন হয়ে ওঠে। বল নিয়ন্ত্রণ, ছোট পাস কিংবা গতি সবকিছুতেই প্রভাব পড়ে। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা যায়। ৫৫ মিনিটে অবশেষে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। সন্দেশে ভুলে তৈরি হয় গোলের সুযোগ। বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা গিয়ে পৌঁছয় ম্যাকলারেনের কাছে। সুযোগ বুঝে ঠান্ডা মাথায় শট নিয়ে গোলকিপারকে পরাস্ত করেন অস্ট্রেলিয়ান তারকা। সেই গোল মুহূর্তের জন্য নতুন উদ্দীপনা এনে দেয় গঙ্গা পাড়ের ক্লাবে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭ মিনিটে সমতায় ফেরে গোয়া। ডানদিক থেকে রনি উইলসন একটি ক্রস তুলেছিলেন। যা আচমকাই জালে জড়িয়ে যায়। বিশাল কাইথ চেষ্টা করেও বল আটকাতে পারেননি। অপ্রত্যাশিত এই গোল গোয়াকে নতুন করে ম্যাচে ফিরিয়ে আনে।

এরপরই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৭২ মিনিটে আব্দুল সামাদ দুর্দান্ত পাস বাড়ান বদলি নামা জেসন কামিংসের উদ্দেশে। সামনে তখন প্রায় ফাঁকা গোল। কিন্তু সহজ সুযোগ নষ্ট করে বল ক্রসবারের অনেক উপর দিয়ে মেরে দেন তিনি। সেই মুহূর্তেই কার্যত জয়ের স্বপ্ন ফসকে যায় মোহনবাগানের হাত থেকে। শেষদিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও ক্লান্তি ও ভুল পাসের কারণে আর গোল আসেনি। ফলে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে দুই দল। এদিন ড্রয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হল মোহনবাগানকে। একই পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল এফসি গোয়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper