Khabor Ekhon
মালদহ-কাণ্ডে গণনার আগের দিন এনআইএ-র হানা
ভোটগণনার ঠিক আগের দিন চরম নাটকীয় মোড় মালদহের রাজনীতিতে। খোদ তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট থেকে শুরু করে এলাকার একাধিক প্রভাবশালী শাসক নেতাকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। সোমবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ফলাফল ঘোষণা, আর তার ঠিক ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সক্রিয়তা ঘিরে জেলাজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মালদহের মোথাবাড়িতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত বিচারকদের হেনস্থা ও ঘেরাও করার ঘটনার তদন্তেই এই পদক্ষেপ বলে এনআইএ সূত্রে জানানো হয়েছে।
তদন্তকারীদের আতসকাচের তলায় এসেছেন সুজাপুরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান। পেশায় মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমানের বাড়িতে শনিবার গভীর রাতে নোটিস পৌঁছে দেয় কেন্দ্রীয় সংস্থা। শুধু তিনি একাই নন, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও রবিবার দুপুরে কালিয়াচক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, বেলা ১২টার মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। গণনার আগের মুহূর্তে এই ঘটনায় শাসক শিবিরের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরো ঘটনার সূত্রপাত গত মাসে মালদহের মোথাবাড়িতে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছিল সেখানে। প্রধান বিচারপতির নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা যখন তালিকার বিতর্কিত নামগুলি নিয়ে শুনানি করছিলেন, ঠিক তখনই একদল উত্তেজিত জনতা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, বিচারকদের কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসের ভেতরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। সাতজন বিচারককে হেনস্থা করার অভিযোগ ওঠায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আদালত। সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের কড়া নির্দেশের পরেই গোটা ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় নির্বাচন কমিশন।
এই মামলায় ইতিপূর্বেই রাজ্য পুলিশের সিআইডি অন্যতম চক্রী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে অনেকেই বর্তমানে এনআইএ-র হেফাজতে রয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, বিচারকদের ওপর এই হামলার নেপথ্যে গভীর কোনও ষড়যন্ত্র বা প্রভাবশালী কারও মদত ছিল কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ধৃতদের বয়ান এবং ঘটনার দিন এলাকার মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখার পরেই আব্দুল রহমান ও মহম্মদ সরিউলের মতো নেতাদের নাম উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
তবে এই তলব নিয়ে মালদহের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাগিয়ে দিয়েছেন। তাঁদের দাবি, গণনার আগের দিন এজেন্টদের থানায় আটকে রেখে আদতে তৃণমূলকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, বিরোধীদের দাবি, আইন আইনের পথে চলছে এবং বিচারব্যবস্থার ওপর হামলার ঘটনায় কাউকেই রেয়াত করা উচিত নয়। ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট মিটে যাওয়ার পর এখন গোটা রাজ্যের নজর যখন ৪ মে-র ফলাফলের দিকে, তখন মালদহের এই আইনি তৎপরতা নতুন সমীকরণ তৈরি করল। কালিয়াচক থানা চত্বরে রবিবার সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ও সংবাদমাধ্যমের ভিড়। এখন দেখার, এই জেরার পর এনআইএ নতুন করে কাউকে গ্রেফতার করে কি না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

