Khabor Ekhon
সিলেবাস রক্ষায় ‘বিকল্প’ স্কুল, জওয়ানদের হাতে ক্লাসরুম, পঠন-পাঠন বাঁচাতে নজিরবিহীন উদ্যোগ শিক্ষকদের

একদিকে ভোটের দামামা, অন্যদিকে পড়ুয়াদের ভবিষ্যৎ— এই দুইয়ের দ্বন্দ্বে হার মানতে নারাজ উত্তর ২৪ পরগনার পাল্লা কালিচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। নির্বাচন কমিশনের নির্দেশে স্কুল ভবন এখন কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী আস্তানা। কিন্তু পঠন-পাঠন শিকেয় তুলে না রেখে আস্ত স্কুলটিকেই পাশের একটি বন্ধ স্কুল ভবনে সরিয়ে নিয়ে গেলেন কর্তৃপক্ষ। শিক্ষকদের এই নজিরবিহীন উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন।
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকা পরিদর্শনের সুবিধার্থে গোপালনগর থানার এই স্কুলে ঠাঁই নিয়েছেন কয়েক কোম্পানি জওয়ান। প্রায় দেড় হাজার পড়ুয়ার এই স্কুলটি অন্তত এক মাসের বেশি সময় বাহিনীর দখলে থাকবে। এরপর ভোট মিটলেই পড়বে গরমের ছুটি। স্কুল কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, এই দীর্ঘ সময় পঠন-পাঠন বন্ধ থাকলে সিলেবাস শেষ করা অসম্ভব হয়ে পড়বে। প্রধান শিক্ষক শেখর বিশ্বাস জানান, ‘‘অনলাইন ক্লাসে খুদে পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। তাই তাদের ক্লাসরুমের পরিবেশে ফিরিয়ে আনাটা জরুরি ছিল।’’
স্থানীয় দেবরানী বালিকা বিদ্যালয়ের ভবনটি বর্তমানে ফাঁকা পড়ে ছিল। স্কুল কমিটি, পঞ্চায়েত ও অভিভাবকদের সঙ্গে আলোচনার পর সেখানেই অস্থায়ীভাবে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও সেখানে ঘরের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, তবুও থেমে নেই শিক্ষা। প্রায় ২০ জন শিক্ষক ভাগ করে নিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণির ক্লাস নিচ্ছেন। শুধু বইখাতা নয়, নিয়ম মেনে চলছে পিটি প্যারেড এবং যোগব্যায়ামের ক্লাসও।
দীর্ঘদিন পর বান্ধবীদের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বসিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা। তাদের কথায়, ‘‘বাড়িতে একা একা মন বসত না। এখানে ক্লাস হওয়ায় সিলেবাসও শেষ হবে, আবার সবার সাথে দেখাও হচ্ছে।’’ এক অভিভাবিকা আবেগতাড়িত হয়ে বলেন, ‘‘শিক্ষকেরা যে নিজের তাগিদে আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অন্য স্কুলে ক্লাস করাচ্ছেন, তার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ।’’
ভোটের আবহে যখন রাজ্যের বহু স্কুলে পঠন-পাঠন কার্যত স্তব্ধ, তখন গোপালনগর থানার এই স্কুলের শিক্ষকদের লড়াই শিক্ষার এক নতুন দিগন্ত খুলে দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

