Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জওয়ানের হাতে পদ্ম-প্রতীক! উত্তাল বাঁকুড়া

0 19,706,622

ভোট যত এগিয়ে আসছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক ততই দানা বাঁধছে। এবার সরাসরি বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল বাঁকুড়ার এক চাঞ্চল্যকর ছবি। মঙ্গলবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের হেলনাশুশুনিয়া গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে প্রকাশ্যে দেখা গেল গেরুয়া শিবিরের নির্বাচনী লোগো। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, খোদ নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই কি তবে রাজনৈতিক প্রচার চালাচ্ছে বিজেপি?

এদিন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের জগদল্লা ২ গ্রাম পঞ্চায়েতের হেলনাশুশুনিয়া গ্রামে প্রচারে গিয়েছিলেন বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে আচমকাই বিজেপি-র দলীয় প্রতীক বা লোগো দেখা যায়। প্রচারের ভিড়ে জওয়ানের হাতের সেই লোগো স্থানীয়দের নজরে আসতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাহিনীর একজন সদস্যের হাতে কীভাবে একটি রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল নেতৃত্ব।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী কড়া ভাষায় বলেন, “এটি অত্যন্ত গুরুতর বিষয়। যে বাহিনীর ওপর নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব, তারাই যদি প্রকাশ্যে কোনও দলের লোগো বহন করে, তবে সাধারণ ভোটাররা কার ওপর ভরসা করবেন? নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা এখানে ভুলুণ্ঠিত।”

একই সুরে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের মনে ভয় দেখানোর রাজনীতি করছে বিজেপি। এটা গণতন্ত্রের জন্য এক বিপজ্জনক সংকেত। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কড়া হস্তক্ষেপ দাবি করছি।”

যদিও এই অভিযোগকে স্রেফ ‘বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা অভিযোগ অস্বীকার করেছেন। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল পায়ের তলায় মাটি হারিয়ে এখন বাহিনীর ওপর দোষ চাপাচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ সম্পূর্ণ নিরপেক্ষভাবেই করছে।”

অতীতেও রাজ্যে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছে ঘাসফুল শিবির। কিন্তু জওয়ানের হাতে সরাসরি রাজনৈতিক দলের প্রতীক থাকার মতো ‘প্রমাণ’ সামনে আসায় অস্বস্তিতে কমিশনও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই জওয়ানরা কোনও দলের হয়ে প্রচারের অংশ হয়ে ওঠেন, তবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি প্রশ্নের মুখে পড়বে।

বাঁকুড়ার জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ওই জওয়ানের পরিচয় ও ঘটনার সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, নির্বাচন কমিশন এই স্পর্শকাতর বিষয়ে কী পদক্ষেপ নেয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper