Khabor Ekhon
আকাশ দীপের পরিবর্তে হিসাবে কেকেআর দলে নিয়েছে সৌরভকে
আইপিএল শুরুর আগেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেকেআরকে। চোটের কারণে বাদ যাচ্ছে একের পর এক ক্রিকেটার। তাঁদের পরিবর্ত বেছে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে মুস্তাফিজুর রহমানের বদলে ব্লেজিং মুজারাবানিকে সই করিয়েছিল তারা। এবার আকাশ দীপের পরিবর্ত পেয়ে গেল কেকেআর। পিঠের চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশ দীপ। আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে সুস্থ হচ্ছেন তিনি। তাঁর পরিবর্তে এক বাঁহাতি পেসারকে নিচ্ছে কেকেআর। ইতিমধ্যেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন তিনি।
আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবেকে নিচ্ছে কেকেআর। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা এসে অনুশীলন শুরু করেছেন ২৮ বছরের এই বাঁহাতি পেসার। আইপিএলে এখনও অভিষেক না হলেও আইপিএলের দলের থাকার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০২২ সালের আইপিএলে ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ, প্যাট কামিন্সের মতো পেসারকে কাছ থেকে দেখেছেন তিনি। এবারের নিলামে সৌরভের ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। কেউ কেনেনি তাঁকে। শেষ পর্যন্ত আকাশ দীপের পরিবর্ত হিসাবে সুযোগ পাচ্ছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন সৌরভ। আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন তিনি। নতুন বলে সুইং করাতে পারেন সৌরভ। পাশাপাশি ভারতীয় দলে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ সালে ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন সৌরভ।
আকাশ দীপের পরিবর্ত হিসাবে সৌরভকে নেওয়া হলে আরও একটি সমস্যা মিটবে কেকেআরের। মুস্তাফিজুর চলে যাওয়ায় দলে বাঁহাতি পেসারের অভাব তৈরি হয়েছিল। সেই অভাব মেটাতে পারবেন সৌরভ। তবে এখনও হর্ষিত রানার পরিবর্ত নেয়নি কেকেআর। আর এক পেসার মাথিশা পাথিরানার জন্যও অপেক্ষা করছে শাহরুখ খানের দল। সোম ও মঙ্গলবার তাঁর ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। তারপরেই পাথিরানাকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদি পাথিরানা খেলতে না পারেন, তাহলে আরও একটি পরিবর্ত খুঁজতে হবে কেকেআরকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

