Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘বাংলাকে টার্গেট করলে পতন অনিবার্য, জাহান্নামে যাবে বিজেপি’: রেড রোডে রণংদেহি মমতা

0 98,108,702

খুশির ইদের সকালেও রাজনীতির পারদ চড়ল তিলোত্তমায়। শনিবার রেড রোডের ইদের নমাজ শেষে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ তীব্র নির্বাচনী সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতে সুর চড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, “বাংলার দিকে হাত বাড়ালে বাংলা ছেড়ে কথা বলবে না। বাংলাকে টার্গেট করলে পতন অনিবার্য। বিজেপি জাহান্নামে যাবে।”
শনিবার সকালে রেড রোডে ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই এদিন সম্প্রীতির বার্তা দিতে হাজির হন তাঁরা। তবে উৎসবের আবহেও মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিতর্ক। সংখ্যালঘুদের নাম কাটার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে সরাসরি বিঁধে মমতা বলেন, “আপনি সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। আর দেশে ফিরলেই আপনার শুধু নাম কাটার কথা মনে পড়ে! আপনিই দেশের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।” বিজেপিকে ‘চোর-গুন্ডার পার্টি’ বলে অভিহিত করে তাঁর হুঁশিয়ারি, “আমাদের একটাই টার্গেট— বিজেপি হটাও, দেশ বাঁচাও।”
এদিন মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন যে, বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে তিনি দেবেন না। এসআইআর নিয়ে তাঁর লড়াই যে দিল্লি থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “একটাও নাম যাতে বাদ না যায়, তার জন্য যতদূর যাওয়া যায় যাব। আমি বাংলার সব মানুষের সঙ্গে আছি।” এরপর রেড রোড থেকে তিনি সরাসরি পৌঁছে যান পার্ক সার্কাস বেকবাগানের লাল মসজিদে। সেখানে সাদা মসজিদ ও লাল মসজিদের মধ্যবর্তী প্রায় ৩০০-৩৫০ মিটার রাস্তা পায়ে হেঁটে জনসংযোগ করেন তৃণমূল নেত্রী। রাস্তার দু’ধারে ভিড় জমানো মানুষের ‘জয় বাংলা’ স্লোগান আর ফুলের স্তবকের মাঝে হাসিমুখে হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি। বৃষ্টি মাথায় নিয়ে তাঁর সঙ্গে পুরো রাস্তায় হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রেড রোডের এই মঞ্চ থেকে মমতার ‘জাহান্নামে যাবে বিজেপি’ মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে সম্প্রীতির বার্তা আর অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনা ও এসআইআর ইস্যুকে হাতিয়ার করে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে সংহত করার কৌশলই এদিন সুকৌশলে সেরে রাখলেন তৃণমূল নেত্রী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper