Khabor Ekhon
শ্রেয়া-শিলাদিত্য: সুর ও প্রযুক্তির ‘পাওয়ার কাপল’
রুচিরা রায়: ভারতীয় সংগীত জগতের একচ্ছত্র সম্রাজ্ঞী তিনি। তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। কিন্তু গ্ল্যামার দুনিয়ার আলোকবৃত্তের বাইরে শ্রেয়া ঘোষালের ব্যক্তিজীবন ঠিক কতটা সমৃদ্ধ? বৃহস্পতিবার গায়িকার ৪২তম জন্মদিনে আলোচনায় উঠে এলেন তাঁর জীবনসঙ্গী শিলাদিত্য মুখোপাধ্যায়। ছোটবেলার প্রেম থেকে ৪০০ কোটির সাম্রাজ্য— শ্রেয়া ও শিলাদিত্যর রসায়ন যেন কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।
শ্রেয়া ও শিলাদিত্যর সম্পর্কের শুরুটা হয়েছিল স্কুলের বেঞ্চ থেকে। প্রাইমারি স্কুলের সেই খেলার সাথীই যে একদিন জীবনসঙ্গী হবেন, তা হয়তো তাঁরাও ভাবেননি। দীর্ঘ ১০ বছরের নিভৃত প্রেমপর্ব সেরে ২০১৫ সালে অত্যন্ত সাদামাটাভাবে বাঙালি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে পুত্র দেবযান। কর্মজীবনে দুজনেই আকাশছোঁয়া সফল হলেও ব্যক্তিগত জীবনে তাঁরা বরাবরই প্রচারবিমুখ এবং মার্জিত।
শ্রেয়া যখন মঞ্চ কাঁপাচ্ছেন, শিলাদিত্য তখন রাজত্ব করছেন প্রযুক্তি ও ব্যবসার দুনিয়ায়। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বিই (BE) ডিগ্রিধারী শিলাদিত্য বর্তমানে বিশ্বখ্যাত কলার আইডি অ্যাপ ‘ট্রু-কলার’ (Truecaller)-এর এন্টারপ্রাইজ শাখার গ্লোবাল হেড। এর আগে তিনি ‘হিপকাস্ক’ ও ‘পয়েন্টশেলফ’-এর মতো সফল স্টার্টআপের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০২২ সাল থেকে সুইডিশ এই বহুজাতিক সংস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে এই সংস্থার বার্ষিক আয় ছিল প্রায় ১৪০৬ কোটি টাকা।
ভক্তদের মনে প্রায়ই প্রশ্ন জাগে— দুুজনের মধ্যে বেশি সম্পদ কার? পরিসংখ্যান বলছে, এখানেও চলছে সমানে সমানে টক্কর–
শ্রেয়া ঘোষাল: প্রায় আড়াই দশকের কেরিয়ারে শ্রেয়া গড়ে তুলেছেন ২০০ কোটি টাকারও বেশি ব্যক্তিগত সম্পত্তি। বর্তমানে প্রতিটি গানের জন্য তিনি প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। বছরে তাঁর আয় ১০ থেকে ১২ কোটি টাকা।
শিলাদিত্য মুখোপাধ্যায়: করপোরেট জগতের উচ্চপদস্থ এই কর্তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। যদিও তাঁর ব্যবসায়িক বিনিয়োগ ও অবস্থান বিচারে এই অঙ্ক আরও বেশি হওয়ার সম্ভাবনা প্রবল।
মুম্বইয়ের এক বিলাসবহুল ফ্ল্যাটে দেবযান ও শিলাদিত্যর সঙ্গে সুখের সংসার শ্রেয়ার। দম্পতির মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকার কাছাকাছি। তবে শুধু বিলাসিতাই নয়, উপার্জনের একটি বড় অংশ সমাজসেবামূলক কাজেও ব্যয় করেন এই তারকা দম্পতি। সংগীত আর প্রযুক্তির এই মেলবন্ধন আজ বলিউডের অন্যতম সফল ও অনুপ্রেরণামূলক জুটিতে পরিণত হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

