Khabor Ekhon
রাষ্ট্রপতির অসম্মান! নজিরবিহীন সংঘাত কেন্দ্র-রাজ্য, বিকেলের মধ্যে মুখ্যসচিবের জবাব তলব নর্থ ব্লকের

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে নজিরবিহীন প্রশাসনিক ও রাজনৈতিক সংঘাত তৈরি হল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে। উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির মুখে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও আক্ষেপ শোনা যাওয়ার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। শনিবারের ঘটনার রেশ ধরে রবিবার সকালেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে কড়া চিঠি পাঠিয়ে জবাব তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ বিকেল ৫টার মধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লির কড়া বার্তা ও সময়সীমা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। সূত্রের খবর, রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘন এবং যথাযথ নিরাপত্তা ও ব্যবস্থাপনার অভাব কেন হলো, তা নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। আজ বিকেলের ডেডলাইনের মধ্যেই রাজ্য সরকারকে জানাতে হবে, এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য দায়ী কারা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির নর্থ ব্লকে এই রিপোর্ট জমা পড়ার কথা।
বাংলায় পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী
এই ঘটনায় সরাসরি ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষায় পোস্ট করে তিনি তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।” তিনি আরও যোগ করেন যে, গণতন্ত্র ও জনজাতি ক্ষমতায়নে বিশ্বাসী মানুষ এই ঘটনায় মর্মাহত এবং রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও প্রোটোকল ভাঙার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
“মমতাদির এত রাগ কেন?”—আবেগপ্রবণ রাষ্ট্রপতি
শনিবার শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে এসে মেজাজ হারান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে দর্শকাসনের অধিকাংশ চেয়ার খালি দেখে তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমিও বাংলার মেয়ে, অথচ আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। জানি না মমতাদির আমার উপর কেন এত রাগ!” আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি। রাষ্ট্রপতির আক্ষেপ, “আমার দেখে মনে হচ্ছে না যে আদিবাসী সমাজের মানুষ সরকারি কোনও সুযোগ-সুবিধা ঠিকমতো পান।” এমনকি অনুষ্ঠানস্থলের জায়গা নিয়েও প্রশাসনের দেওয়া তথ্যে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ সম্বোধন করলেও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি রাষ্ট্রপতি।
পাল্টা তোপ মমতার: ‘বিজেপির রাজনৈতিক এজেন্ডা’
কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, রাষ্ট্রপতিকে তিনি ব্যক্তিগতভাবে সম্মান করেন, কিন্তু বিজেপি তাঁকে রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করছে। মমতার দাবি, “রাজ্যে কেউ এলে স্বাগত জানাই, কিন্তু বারবার কেউ আসলে প্রতিবার উপস্থিত থাকা সম্ভব নয়। সরকারের আরও অনেক কাজ থাকে।”
তপ্ত রাজনৈতিক আবহাওয়া
রাজ্যপাল থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতারা এই ঘটনায় সরব হয়েছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কেন্দ্র অনাবশ্যক রাজনীতি করছে। বিকেলের মধ্যে রাজ্য সরকার কী রিপোর্ট পাঠায় এবং তার ভিত্তিতে কেন্দ্র পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

