Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অভিষেকের সভার আগেই ধাক্কা, তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক

0 2,569,811

দুয়ারে ভোট। যখন দলের নেতা-কর্মীরা কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমেছেন, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে পড়ল শাসক দল। তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলত্যাগের কথা ঘোষণা করেন তিনি। টিকিট না পাওয়া এবং দলের অন্দরে বাড়তে থাকা ‘গোষ্ঠীদ্বন্দ্ব ও ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে সরব হয়েছেন এই হেভিওয়েট নেতা।

ফেসবুক পোস্টে বিস্ফোরক বিধায়ক

শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে কাজী আব্দুর রহিম তৃণমূলের প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। তিনি লেখেন, “আমি সবসময় সত্য, ন্যায় এবং আদর্শের পথে চলার চেষ্টা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আদর্শ ও বাস্তবতার মধ্যে যে গভীর ফারাক তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়।”

অভিমানের সুরে তিনি আরও যোগ করেন, “২০২১ সালে দলের কঠিন সময়ে যারা লড়াই করেছিল, তাদের টিকিট দেওয়া হয়নি। উল্টে যারা দলের বিরোধিতা করেছে, তাদেরকেই টিকিট দেওয়া হয়েছে।” তাঁর এই মন্তব্য সরাসরি জেলা এবং রাজ্য নেতৃত্বের দিকেই তোপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিধায়কের অভিযোগ, দলের অন্দরে দিনের পর দিন অন্যায় ও অবিচার চললেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর পিতার আদর্শ তাঁকে অন্যায়ের সাথে আপস করতে শেখায়নি। এর আগেও একটি সংবাদমাধ্যমে টিকিট না পাওয়ার ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। অবশেষে তৃণমূল রাজ্য সভাপতিকে চিঠি পাঠিয়ে সম্পর্ক ছিন্ন করলেন আব্দুর রহিম।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, যেদিন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটের সন্দেশখালিতে জনসভা করতে আসছেন, ঠিক সেই দিনই বাদুড়িয়ার বিধায়কের এই পদত্যাগ শাসক শিবিরের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।

উল্লেখ্য, এবার বসিরহাটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক ছিল। ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই বিদায়ী বিধায়কদের টিকিট দেওয়া হয়নি। বাদুড়িয়ায় আব্দুর রহিমের পরিবর্তে দলের প্রার্থী হয়েছেন বুরহানুল মুকাদ্দিম লিটন। এই ব্যাপক রদবদল কি তবে দলের অন্দরে ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দিল? বিধায়কের এই পদত্যাগ ভোটের ময়দানে তৃণমূলের ফলে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper