Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

প্রস্তুতি ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেও হারতে হল কোহলিদের

0 788,543,244

এক বছর আগে আইপিএল চলাকালীন ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরমেট থেকে অবসর নিয়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে না খেললেও আইপিএলের টি-টোয়েন্টি ফরমেটে খেলেন তিনি। এবছরও টুর্নামেন্ট শুরুর আগে ছন্দে রয়েছেন বিরাট কোহলি। প্রায় এক বছর পর আবার টি-টোয়েন্টি খেলতে নামলেও ছন্দ নষ্ট হয়নি তাঁর। আইপিএলের আগে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেন কোহলি। কিন্তু জিততে পারলেন না। সতীর্থদের কাছেই হার দিয়ে শুরু হল টুর্নামেন্ট।
২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। তার আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেন কোহলিরা। দু’টি দলে ভাগ করা হয় ক্রিকেটারদের। এক দলের অধিনায়ক ছিলেন ক্রনাল পান্ডিয়া। অপর দলের অধিনায়ক ছিলেন বেঙ্কটেশ আয়ার। কোহলি, জিতেশ শর্মা, টিম ডেভিডরা ছিলেন বেঙ্কটেশের দলে। ক্রুনালের দলে ছিলেন রজত পাতিদার, দেবদত্ত পাড়িক্কল, ভুবনেশ্বর কুমাররা।
প্রথমে ব্যাট করে ২৩৪ রান করেন বেঙ্কটেশরা। ওপেন করতে নেমে মাত্র ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন কোহলি। ডেভিড ১৪ বলে ৩৬ ও বেঙ্কটেশ ১৬ বলে ৩০ রান করেন। চমক দেন জিতেশ শর্মা। গত মরসুমে ফিনিশারের ভূমিকায় ভালো খেলেছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে ৩৭ বলে ৮১ রান করেন জিতেশ।
তবে সেই রানও তাড়া করে নেন ক্রুনালরা। তিনি নিজে ৩৩ বলে ৫৮ রান করেন। পাড়িক্কল ৩৩ বলে ৬৩ ও আরসিবির প্রকৃত অধিনায়ক পাতিদার ২৫ বলে ৭৪ রান করেন। ২০ ওভারে ২৪৭ রান করে দল। খেলা শেষে খুনসুটিতেও মাতেন কোহলিরা। দেখে বোঝা যাচ্ছে, দলের সাজঘরের পরিবেশ ফুরফুরে।
ব্যাটাররা ফর্মে থাকলেও একটি চিন্তা কিন্তু আরসিবির থেকেই যাচ্ছে। দুই ইনিংসে ২৩৪ ও ২৪৭ রান তো বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধেই হয়েছে। যদি আইপিএলেও এই ছবি দেখা যায়, তাহলে সব দায়িত্ব গিয়ে পড়বে ব্যাটারদের কাঁধে। শুধু ব্যাটিংয়ের জোরে কিন্তু ট্রফি জেতা যাবে না। ফলে বোলিংয়ের দিকে নজর দিতেই হবে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে।
অন্যদিকে, এতদিন লড়াই ছিল দুই সংস্থার মধ্যে। হঠাৎ তা বেড়ে গেল। আইপিএলের মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হতে চলেছে। ১৮ হাজার কোটি টাকার দল কিনতে আগ্রহ দেখিয়েছে এমন এক সংস্থা, যারা রাজস্থান রয়্যালসেরও দল কিনতে চায়। অর্থাৎ, একই সঙ্গে আইপিএলের দুই দলের মালিকানা কিনতে চায় তারা।
শুরুতে প্রায় পাঁচটি সংস্থা আরসিবি কিনতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা দুইয়ে নেমেছিল। সুইডেনের সংস্থা ইকিউটি-র বিরুদ্ধে লড়াই ছিল মণিপাল হাসপাতাল, আমেরিকার সংস্থা কোহলবার্গ ক্রেভিস রবার্টস ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের মিলিত কোম্পানির। এবার সেই লড়াইয়ে এসেছে আদিত্য বিড়লা গোষ্ঠী ও আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের মিলিত কোম্পানি। তারা ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে রয়েছে। সেখানে দরপত্রও জমা দিয়েছে তারা। তবে বেঙ্গালুরু কিনতে মৌখিক কথা হলেও এখনও তারা দরপত্র জমা দেয়নি বলে জানা গিয়েছে। যদি তারা দরপত্র জমা দেয় তাহলে কোহলিদের দলের মালিকানা বদলের লড়াই আরও তীব্র হবে।
জানা গিয়েছে, আরসিবির বাজারদর প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা ধার্য করেছে দলের বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যে সংস্থাগুলি এখন দৌড়ে রয়েছে তারা সেই টাকা দিতে তৈরি। ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে তারা। যদি এই দামে আরসিবি বিক্রি হয় তাহলে প্রতিযোগিতার ইতিহাসে তা সবচেয়ে দামি দল হবে। এর আগে ২০২১ সালে ৭৮৫৯ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কা। সেই রেকর্ড এ বার ভেঙে যেতে পারে।
দিয়াজিয়ো চাইছে ৩১ মার্চের মধ্যে চুক্তি করে ফেলতে। কারণ, একবার নতুন মালিক ঠিক হয়ে গেলে তারপরেই ভারতীয় বোর্ডকে তা জানাতে পারবে তারা। পুরো প্রক্রিয়া শেষ হতে ৪৫ থেকে ৯০ দিন সময় লাগতে পারে। অবশেষে চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন মালিকের হাতে দল তুলে দেওয়া হবে। অর্থাৎ, আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন কোহলিরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper