Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পরিবার পিছু এক প্রার্থী

0 4,501,541

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কালীঘাটের বাড়িতে গত কয়েকদিন ধরে চলছে শেষ মুহূর্তের ‘রান্নাবান্না’। যতদূর জানা যাচ্ছে, রবিবারের মধ্যেই সব তথ্য ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে। তারপর সোমবার নাগাদ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেই ফ্রিজ থেকে বের করে ‘গরম গরম’ পরিবেশন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধারণত ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই দলের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা। এবারও তার ব্যতিক্রম হবে না। সেদিন তাঁর পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তবে এবারের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সুব্রত বক্সীর ভূমিকা প্রায় শূন্য। কালীঘাটের ‘হেঁসেলে’ তিনি ঘেঁষতেই পারেননি। রান্নার মেনু, বাজারের তালিকা—কিছুই তাঁর জানা নেই। শুধু ১৭ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত ফর্দ দূর থেকে পাঠিয়েছিলেন তিনি। এর বেশি কিছু নয়।

এবার প্রার্থী নির্বাচনে মূল ‘রাঁধুনি’ দুজন—বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা এবং তৃতীয় ব্যক্তি হিসেবে পেশাদার প্রতীক জৈন। ফলে তালিকা নিয়ে এখনও বাইরে কোনও ফাঁস হয়নি। শুধু কয়েকজনকে আগাম ফোন করে সম্ভাব্য আসন জানিয়ে দেওয়া হয়েছে। যেমন, বালিগঞ্জের জন্য শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সোনারপুর দক্ষিণে শুভাশিস চক্রবর্তীকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ বর্তমান বিধায়ক (সিটিং এমএলএ) এখনও অনিশ্চয়তায় ভুগছেন।

পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুর থেকে সোহম চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হবে বলে তিনি নিশ্চিত জানেন, কিন্তু নতুন আসন কোথায়—তা এখনও অজানা। রাজ্যসভার টিকিট না পাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভায় টিকিট পাবেন বলে আশা করছেন, কিন্তু কোন আসনে তা তিনিও জানেন না। বিজেপি থেকে ফিরে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘প্রায়শ্চিত্ত’ চলছে গত চার বছর ধরে। এবার তাঁর টিকিট প্রায় নিশ্চিত, তবু আসন কোনটা—তা এখনও আন্দাজ করতে পারছেন না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে কালীঘাট ও ক্যামাক স্ট্রিট—পরিবার পিছু মাত্র একজনকেই টিকিট দেওয়া হবে। বাবা-মেয়ে, মা-ছেলে বা মা-মেয়ে—কোনও ‘কম্বো অফার’ চলবে না। এই কড়া নিয়মের একমাত্র ব্যতিক্রম দাস পরিবার।

কেন এই পরিবার-নিয়ম? কারণ ভোটের বাজারে এখন তুমুল আলোচনা মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের ছেলে, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের ছেলে এবং পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষকে নিয়ে। কিন্তু কালীঘাট স্পষ্ট জানিয়ে দিয়েছে—দ্বিতীয় প্রজন্মের কাউকেই টিকিট দেওয়া হবে না। আর দেওয়া হলেও বাবা-মা কেউই টিকিট পাবেন না।

একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম কলকাতার মানিকতলা আসনে। সেখানে সুপ্তি পাণ্ডের জায়গায় এবার শ্রেয়া পাণ্ডের টিকিট পাওয়ার জোর সম্ভাবনা।

আর যে দাস পরিবারকে ব্যতিক্রম মানা হচ্ছে—তাঁরা হলেন মহেশতলার বর্তমান বিধায়ক দুলালচন্দ্র দাস। তাঁর মেয়ে রত্না চট্টোপাধ্যায় এখন বেহালা পূর্বের বিধায়ক। রত্নাকে আবার বেহালা পূর্বেই প্রার্থী করা হবে। আর মহেশতলায় দুলাল দাসের বদলে প্রার্থী করা হবে তাঁর ছেলে শুভাশিস দাসকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে শুভাশিসকে এই খবর জানিয়েও দিয়েছেন।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper