Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নারীবিদ্বেষী মন্তব্য: উত্তাল নন্দীগ্রাম, কাঠগড়ায় বিজেপি নেতা

0 2,321,696

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ফের বেলাগাম মন্তব্য করে বিতর্কের শিরোনামে নন্দীগ্রামের বিজেপি নেতা তথা শুভেন্দু-ঘনিষ্ঠ প্রলয় পাল। তাঁর বিরুদ্ধে মহিলাদের নিয়ে অত্যন্ত কুরুচিকর ও ‘নারীবিদ্বেষী’ শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে। ওই মন্তব্যের একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’) ভাইরাল হতেই বুধবার সন্ধ্যায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। অভিযুক্ত নেতার গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রলয় পাল এলাকার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বিতর্কিত বার্তা দিচ্ছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “তোরা কাজের জন্য গুজরাটে চলে গিয়েছিস। আর তোদের বউদের নিয়ে তৃণমূল দিঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছে। দেখিস ফেরার পর যেন গাইনো দেখাতে না হয়। ওদের দলে তো পার্থদের অভাব নেই। বড় দাদা হিসেবে সাবধান করে দিলাম।”

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে ছিছিক্কার পড়ে যায়। তবে নিজের অবস্থানে অনড় প্রলয়বাবু। তাঁর পালটা দাবি, “আমি কেবল সতর্ক করেছি। স্বামীরা বাইরে থাকাকালীন তৃণমূল মহিলাদের নিয়ে যাচ্ছে, আর ওদের দলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকের অভাব নেই, তাই সাবধান করেছি মাত্র।”

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “বাংলা হোক বা বাইরের রাজ্য—বিজেপি যে আগাগোড়া নারীবিদ্বেষী, এটাই তার প্রমাণ। কোনো সুস্থ মানুষ মা-বোনদের নিয়ে এমন কুরুচিকর কথা বলতে পারেন না। মানুষ ব্যালটেই এর জবাব দেবে।”

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার সামনে জড়ো হন কয়েকশো মহিলা কর্মী ও স্থানীয় বাসিন্দা। ‘প্রলয় পালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে’—এই স্লোগানে কেঁপে ওঠে চত্বর। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে নন্দীগ্রাম জুড়ে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রলয় পাল নন্দীগ্রাম-তমলুক সাংগঠনিক জেলার দাপুটে নেতা। একসময় তৃণমূল করলেও ২০২১ নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি কথিত ফোনালাপ ভাইরাল করে তিনি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার ফের বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন তিনি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper