Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নকভিকে তুলোধনা করলেন আখতার

0 34,594

রবিবার ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচে কার্যত দুরমুশ হয়েছে পাকিস্তান। ৬১ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। আর এই হারের পুরো দায় পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির ঘাড়ে চাপিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

পাকিস্তান ক্রিকেটকে সমালোচনায় ফালাফালা করে দিলেন আখতার। নকভিকে অশিক্ষিত ও অযোগ্য বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, দায়িত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন নকভি। আখতার বলেন, ‍‘একজন ব্যক্তি জানেনই না যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাজটা কী। তিনি কী ভাবে দল চালাবেন? আপনি এমন একজনকে তারকা তৈরি করেছেন (বাবর আজম) যে আপনাকে একটা ম্যাচও জেতাতে পারে না। আপনি এমন একজনকে তারকা বানিয়েছেন (শাহিন আফ্রিদি) যে ১০ ওভারও বল করতে পারে না। তা হলে কী ভাবে পাকিস্তান জিতবে?’

আখতারের মতে, বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড়ো দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দেশের ক্রিকেটের এই হাল। তিনি বলেন, ‍‘আপনি এমন লোকেদের দলে নিয়েছেন, যারা আপনার ইশারায় চলবে। দলের জেতা-হারা নিয়ে আপনার কোনও মাথা ব্যথাই নেই। এটা সবচেয়ে বড়ো অপরাধ। বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড়ো দায়িত্ব দেওয়া হয়েছে। এর থেকে বড়ো অপরাধ আর কিছু নেই।’ নকভি দায়িত্ব নেওয়ার পর ছ’বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। ছ’বারই পাকিস্তান হেরেছে। তারপরেও নকভির শিক্ষা হয়নি বলে মনে করেন আখতার। তিনি বলেন, ‍‘গত ১৫-২০ বছরে ক্রিকেটে বিনিয়োগ হয়নি। ক্রিকেট আরও খারাপ জায়গায় যাচ্ছে। এটাই বাস্তব। একটা সময় মাঠে আমরা ভারতের সঙ্গে লড়াই করতাম। এখন ওদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না। শেষ কয়েক বছরে তো পাকিস্তানের কফিনে একের পর এক পেরেক পুঁতেছে ভারত। তার দায় বোর্ডের চেয়ারম্যান এড়াতে পারেন না।’

শুধু অযোগ্য বলেই ক্ষান্ত থাকেননি আখতার। নকভিকে অশিক্ষিতও বলেছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, ‍‘যখন একজন অযোগ্য ও অশিক্ষিত লোক এত বড়ো দায়িত্ব সামলান, তখন এই রকম পরিস্থিতিই হবে। উনি পাকিস্তানকে ধ্বংস করে দেবেন। যে কোনও সংস্থাকে শেষ করে দেওয়ার ক্ষমতা ওঁর আছে। উদাহরণ আপনাদের চোখের সামনে। সবই বুঝতে পারছেন।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper