Khabor Ekhon
বিয়ের আনন্দে বেসুরো রাজনীতি,কাঠগড়ায় বিজেপি নেত্রী
শ্রীতমা ব্যানার্জী :বিয়েবাড়ির আনন্দ উৎসব মুহূর্তে পরিণত হল অশান্তির ঘটনায়।উচ্চস্বরে ডিজে বাজানোকে কেন্দ্র করে দক্ষিণ দমদমে একটি আবাসনে তীব্র উত্তেজনা ছড়াল।অভিযোগ,রাতেরবেলা ডিজে-র বিকট শব্দে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাতেই তাঁদের উপর চড়াও হন এক বিজেপি নেত্রী ও তাঁর কয়েকজন অনুগামী।আবাসনে ঢুকে বাসিন্দাদের মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।ঘটনাটি দক্ষিণ দমদমের নাগেরবাজার এলাকার সান ভ্যালি আবাসনকে কেন্দ্র করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এক বিজেপি কর্মীর বিয়ের অনুষ্ঠান চলছিল আবাসনের বাইরে।সেই অনুষ্ঠানে তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল বলে অভিযোগ।রাত ১১টার পরেও শব্দের তীব্রতা না কমায় ক্ষুব্ধ হন আবাসনের বাসিন্দারা।তাঁদের মধ্যে কয়েকজন অনুষ্ঠান আয়োজকদের কাছে গিয়ে শব্দ কমানোর অনুরোধ জানান।অভিযোগ,এই প্রতিবাদকে কেন্দ্র করেই প্রথমে বচসা শুরু হয়।পরে কয়েকজন যুবকের সঙ্গে বাসিন্দাদের ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযোগ ওঠে, মধ্যরাতে বিজেপি নেত্রী সরস্বতী বিশ্বাস তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে আবাসনের ভিতরে প্রবেশ করেন এবং বাসিন্দাদের উপর হামলা চালান। ঘটনায় কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে অভিযোগ।আবাসনের একাধিক বাসিন্দা এই ঘটনার প্রতিবাদে নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, বিনা কারণে আবাসনের ভিতরে ঢুকে হামলা চালানো হয়েছে।অন্যদিকে, অভিযুক্ত বিজেপি নেত্রী সরস্বতী বিশ্বাস অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন,প্রথমে আবাসনের বাসিন্দারাই তাঁদের সঙ্গে অশান্তি শুরু করেছিলেন। এমনকী, আবাসনের কয়েকজন বাসিন্দার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।স্থানীয় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তাঁর বক্তব্য, কোনও রাজনৈতিক পরিচয়ই কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।রাত ১১টার পর উচ্চস্বরে ডিজে বাজানোকে তিনি অসভ্য আচরণ বলে উল্লেখ করেছেন।একই সঙ্গে তাঁর বার্তা, মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের উপরই অত্যাচার চালানোর অধিকার কারও নেই।অহঙ্কার ও ক্ষমতার অপব্যবহারের পরিণতি কখনও ভালো হয় না।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার প্রকৃত চিত্র বোঝার চেষ্টা চলছে। কারা আবাসনে প্রবেশ করেছিলেন এবং মারধরের ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।একটি বিয়ের অনুষ্ঠানকে ঘিরে শুরু হওয়া এই বিবাদ এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের শান্তিপূর্ণ বসবাসের অধিকার কি রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দাপটের কাছে হার মানবে? তদন্তে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

