Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চিন্ময়কৃষ্ণের মুক্তি থেকে হিন্দু সুরক্ষা,বাংলাদেশ নিয়ে সরব কার্তিক মহারাজ

0 6,639

ফজলুর রহমান :বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে এপার বাংলাতেও। প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে এবার প্রকাশ্যে উদ্বেগ জানালেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। তাঁর বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারও নজর রাখছে বলে দাবি করেছেন তিনি।সোমবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি জাতীয় স্তরের আলোচনাচক্রে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কার্তিক মহারাজ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাঙালি হিসেবে এই পরিস্থিতি তাঁদের ব্যথিত করছে। তবে বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত হওয়ায় কেন্দ্রীয় সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে। অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রে কূটনৈতিক ও আন্তর্জাতিক সমীকরণও বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।কার্তিক মহারাজের দাবি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে যে, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের কাছে বিষয়টি তুলে ধরা এবং সে দেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ধর্মীয় নেতাদের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।তাঁর অভিযোগ, চিন্ময়কৃষ্ণ দাসকে সমর্থন করার কারণেও অনেকে সমস্যার মুখে পড়ছেন। ওই সন্ন্যাসীর আইনি সহায়তা ও মুক্তির বিষয়টি নিয়ে আইনি এবং কূটনৈতিক জটিলতা রয়েছে বলেও মন্তব্য করেন কার্তিক মহারাজ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনও পদক্ষেপের আগে সেই সময়ের পরিস্থিতি এবং বর্তমান বাস্তবতার পার্থক্য বুঝতে হবে।এদিন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, হিন্দু আবেদনকারীদের একাংশের নথিপত্র সংক্রান্ত প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে। সনাতন মূল্যবোধের কথা বলা সরকারের উচিত এই প্রক্রিয়া সহজ করার বিষয়টি বিবেচনা করা কি না, সেই প্রশ্নও সামনে আনেন তিনি।এদিনের আলোচনা সভার বিষয় ছিল ‘ভারতীয় জ্ঞানচর্চায় নারী: ঐতিহ্য, অবদান ও সমকালীন প্রাসঙ্গিকতা’। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও লোকপ্রজ্ঞার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন কার্তিক মহারাজ। স্বামী বিবেকানন্দের ‘মানুষ তৈরির শিক্ষা’র আদর্শের কথা উল্লেখ করে তাঁর দাবি, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক শক্তি এবং খাদ্য উৎপাদনে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করলেও প্রকৃত মানুষ গড়ার শিক্ষাব্যবস্থা এখনও তৈরি হয়নি।শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের উপর বাড়তে থাকা চাপ এবং অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আইআইটি খড়্গপুরে পড়ুয়াদের আত্মহত্যার প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, শিক্ষা কখনও তরুণ প্রজন্মের কাছে হতাশার কারণ হয়ে উঠতে পারে না। একই সঙ্গে নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরে মায়েদের সমাজের প্রথম শিক্ষক হিসেবে উল্লেখ করেন তিনি।বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি থেকে শুরু করে নাগরিকত্বের নথি, শিক্ষাব্যবস্থার সংকট, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন কার্তিক মহারাজ। তবে বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক পদক্ষেপ কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper