Khabor Ekhon
সাংবাদিকতার পরিচয়কে হাতিয়ার করে আট রাজ্যে ব্ল্যাকমেলিং
রাজনন্দিনী ঘোষ :সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকেই হাতিয়ার করে চলছিল প্রতারণার এক অভিনব ছক। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের প্রস্তাব, তারপর টাকা আদায়ের চাপ। আর সেই প্রস্তাবে রাজি না হলেই পঞ্চায়েতে দুর্নীতির খবর প্রকাশ করে বদনাম করার হুমকি। এমনই এক চাঞ্চল্যকর প্রতারণা চক্রের পর্দাফাঁস করল নাগপুর পুলিশ।ঘটনার কেন্দ্র মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। পুলিশের তদন্তে উঠে এসেছে, সেখানে তিনটি কল সেন্টার খুলে আটটি রাজ্যের সরপঞ্চ ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিশানা করা হচ্ছিল। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের জনপ্রতিনিধিরা ছিলেন এই চক্রের লক্ষ্য।তদন্তকারীদের দাবি, কল সেন্টারে কর্মরত মহিলারা নিজেদের সংবাদমাধ্যমের প্রতিনিধি পরিচয় দিয়ে সরপঞ্চদের ফোন করতেন। স্বাধীনতা দিবস বা বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তা প্রকাশের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার প্রস্তাব রাখা হত। এর জন্য চাওয়া হত টাকা। কেউ বিজ্ঞাপন দিতে অস্বীকার করলেই শুরু হত চাপ সৃষ্টি। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বা আর্থিক অনিয়মের খবর প্রকাশের হুমকি দেওয়া হত বলে অভিযোগ।এই চক্রের জাল কতটা বিস্তৃত ছিল, তা বোঝা যায় পুলিশের উদ্ধার করা নথি থেকেই। তিনটি কল সেন্টারে তল্লাশি চালিয়ে ৬১৮টি রেজিস্টার উদ্ধার হয়েছে। তাতে ১২ হাজারেরও বেশি সরপঞ্চ ও গ্রামসেবকের যোগাযোগের তথ্য ছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৫৪টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, দুটি কম্পিউটার এবং একটি প্রিন্টার।পুলিশের দাবি, ভাষাগত দক্ষতাকে কাজে লাগিয়েই বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হত। যে মহিলা যে ভাষায় সাবলীল, তাঁকে সেই ভাষাভাষী রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করে তোলা সহজ হত।মহারাষ্ট্রের কয়েকজন মহিলা সরপঞ্চের অভিযোগ থেকেই এই চক্রের সন্ধান মেলে। অভিযোগের সূত্র ধরে তদন্ত চালিয়ে ভোপালের তিনটি কল সেন্টারে হানা দেয় নাগপুর গ্রামীণ পুলিশের দল। এই ঘটনায় চার মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দুই বোন মনিকা ও নেহার নাম উঠে এসেছে। বাকিদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কতজন জনপ্রতিনিধির কাছ থেকে এই পদ্ধতিতে টাকা আদায় করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও তদন্তের স্বার্থে ফ্রিজ করা হয়েছে।একটি সংবাদমাধ্যমের নাম, সাংবাদিকতার পরিচয় আর দুর্নীতির অভিযোগের ভয়, এই তিন অস্ত্রকে কাজে লাগিয়ে কীভাবে প্রতারণার জাল ছড়ানো যায়, ভোপালের ঘটনা তারই উদ্বেগজনক উদাহরণ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

